
কোরবানির ঈদ সামনে রেখে প্রতিবছরই বাড়ে ফ্রিজ (রেফ্রিজারেটর) ও ডিপ ফ্রিজের (ফ্রিজার) চাহিদা। ব্যতিক্রম হচ্ছে না এবারও। তবে দেশের কয়েকটি অঞ্চলে বন্যার কারণে এবারের ফ্রিজের বিক্রি আশানুরূপ না-ও হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে সিলেট অঞ্চলে আগাম বন্যা এবং উত্তরাঞ্চলে চলমান বন্যার কারণে এবার ফ্রিজের বিক্রি আগের বছরগুলোর মতো রমরমা হচ্ছে না।
তবে ঈদ সামনে রেখে স্বাভাবিক সময়ের তুলনায় বেড়েছে ফ্রিজের বিক্রি। বিশেষ করে রাজধানী ঢাকায় ফ্রিজের বেচাকেনা ভালোই চলছে।
রাজধানীর কয়েকটি এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র ঘুরে জানা গেছে, অন্য সময়ের তুলনায় বিক্রি বেড়েছে দ্বিগুণের বেশি। বেশি বিক্রি হচ্ছে ফ্রিজার, যা সাধারণ মানুষ ডিপ ফ্রিজ নামেই চেনেন। ক্রেতাদের চাহিদা মাথায় রেখে ফ্রিজের প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য বাজারে এনেছে। চেষ্টা করছে ফ্রিজে প্রযুক্তিগত সুবিধা বাড়ানোর। বিক্রি বাড়ার পাশাপাশি গত চার-পাঁচ বছরে ফ্রিজে বেশ কিছু প্রযুক্তিগত ইতিবাচক পরিবর্তন সংযোজন করা হয়েছে। এতে ফ্রিজের ব্যবহার আরও সহজ হচ্ছে। আকার ও নকশায় নতুনত্বের পাশাপাশি বিদ্যুৎসাশ্রয়ী ফ্রিজ তৈরিতেও জোর দেওয়া হচ্ছে প্রযুক্তি ব্যবহার করে।
ব্যবসায়ীদের হিসাবে, সারা বছরে বিভিন্ন ব্র্যান্ডের যত ফ্রিজ বিক্রি হয় তার ৩০ থেকে ৪০ শতাংশই বিক্রি হয় কোরবানির ঈদের আগে। বাজারে ১০০ থেকে ৪০০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন ফ্রিজ পাওয়া গেলেও ঈদের আগে বেশি বিক্রি হয় ১৫০ থেকে ২০০ লিটার ধারণ ক্ষমতার ফ্রিজ। এই ধারণ ক্ষমতাসম্পন্ন ফ্রিজগুলোই মধ্যম আয়ের মানুষের বেশি পছন্দ। ওয়ালটন, মার্সেল, র্যাংগস, ইকো প্লাস, যমুনা, মাইওয়ান, ভিশন, মিনিস্টার, বসের মতো দেশীয় ব্র্যান্ডের পাশাপাশি সামস্যাং, ওয়ার্লপুল, হিটাচি, সিঙ্গার, এলজি, অ্যারিস্টন, হায়েস, হায়ার, শার্পসহ আমদানি করা বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজও বাজারে ভালোই বিক্রি হচ্ছে।
ক্রেতা আকর্ষণে নগদ অর্থ ছাড়, বিভিন্ন উপহারসামগ্রী, স্ক্র্যাচ কার্ড ঘষে বিদেশে বেড়ানোর সুযোগ, এমনকি তারকাদের সঙ্গে বিদেশ ভ্রমণের সুযোগ দিচ্ছে অনেক বিক্রেতা প্রতিষ্ঠান।
দেশীয় ব্র্যান্ড ওয়ালটন কোরবানির ঈদ সামনে রেখে এবার পাঁচ লাখ ফ্রিজ বিক্রির পরিকল্পনা নিয়েছে। গত ঈদে প্রতিষ্ঠানটি চার লাখ ফ্রিজ বিক্রি করেছিল। সারা দেশে ৩০০টি ওয়ালটন প্লাজা ও ১০ হাজারের বেশি বিক্রয়কেন্দ্রের মাধ্যমে বিক্রি করা হয় ওয়ালটনের ফ্রিজ। ২০১৬ সালে মোট ১২ লাখ ফ্রিজ বিক্রি করেছে ওয়ালটন। এ বছরে মোট ১৭ লাখ ফ্রিজ বিক্রির লক্ষ্য আছে প্রতিষ্ঠানটির, যার ৩০ শতাংশ ফ্রিজ এবারের ঈদে বিক্রির লক্ষ্য ঠিক করা হয়েছে। সর্বনিম্ন ১৭ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৭০ হাজার টাকার মধ্যে কিনতে পাওয়া যাচ্ছে ওয়ালটনের ফ্রিজ।
ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম প্রথম আলোকে বলেন, ননফ্রস্ট বা বরফ জমে না এমন মডেলের ওয়ালটন ফ্রিজ এবার বেশি বিক্রি হচ্ছে। সাশ্রয়ী মূল্য, উন্নত মান ও সারা দেশে সবচেয়ে বেশি বিক্রয়কেন্দ্র থাকায় ওয়ালটন ফ্রিজের চাহিদা বেশি।
ক্রেতাদের চাহিদা মাথায় রেখে ২২ আগস্ট ওয়ালটন বাজারে এনেছে ‘স্মার্ট রেফ্রিজারেটর’। এই ফ্রিজের কন্ট্রোল বোর্ডে আইওটি ডিভাইস হিসেবে যুক্ত করা হয়েছে ওয়াই-ফাই মডিউল। মুঠোফোনে ‘ওয়ালটন স্মার্ট অ্যাপলায়েন্স’ অ্যাপস ইনস্টল করে গ্রাহক ফ্রিজে কত ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে, বিল কত হচ্ছে জানতে পারবেন। কম্প্রেসর চালু না বন্ধ, পাওয়ার অন না অফ জানার পাশাপাশি বিদ্যুতের ভোল্টেজ কমে বা বেড়ে গেলে গ্রাহকের মুঠোফোনে নোটিফিকেশন চলে আসবে; যাতে গ্রাহক দ্রুত ব্যবস্থা নিতে পারবেন। তিনি চাইলে তখন ফ্রিজ বন্ধও করে দিতে পারবেন।
২০ হাজার থেকে ৪০ হাজার টাকা দামের ফ্রিজ বেশি বিক্রি হয় জানিয়ে ট্রান্সকম ডিজিটালের কারওয়ান বাজার বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের সেলস এক্সিকিউটিভ (বিক্রয় নির্বাহী) মো. আবুল বাশার বলেন, আগে কেবল ফ্রস্ট ও ননফ্রস্ট ফ্রিজ পাওয়া যেত। সেখানে নতুন সংযোজন সেমি ফ্রস্ট ফ্রিজ। এই ফ্রিজে হালকা বরফ জমে। এতে ফ্রিজ পরিষ্কারের ঝামেলা কমে গেছে। আবার, খাবারও ভালোভাবে সংরক্ষিত হবে। এর পাশাপাশি ইনভার্টার যুক্ত কম্প্রেসর ফ্রিজে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হয়।
এই আউটলেটে ফ্রিজার কিনতে কাঁঠালবাগান থেকে এসেছেন কলেজশিক্ষক ফারুক হোসেন। বিক্রয়কর্মী তাঁকে ট্রান্সটেক চেস্ট ফ্রিজার নেওয়ার পরামর্শ দেন। ফারুক হোসেন এর প্রযুক্তিগত সুবিধা সম্পর্কে জানতে চান। বিক্রয়কর্মী জানান, ফ্রিজারটি ডাবল লেয়ার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তৈরি। এতে ভেতরে শক্ত বরফ জমবে না। ফলে পরিষ্কারের কাজটি সহজ হবে। এ ছাড়া চারদিকের দেয়াল থেকেও ঠান্ডা ছড়ায়। এতে ফ্রিজারে রাখা পণ্য দ্রুত ঠান্ডা হয়। সঙ্গে আছে স্লাইডিং গ্লাস এবং এলইডি লাইট।
অনেক ফ্রিজারের দেয়ালে এখন লিকুইড ফোম ব্যবহার করা হয়। এতে ভেতরে কোনো ফাঁকা জায়গা না থাকায় অনেকক্ষণ ঠান্ডা ধরে রাখতে পারে। এ ছাড়া কোনো কোনো ফ্রিজে ডিজিটাল ডিসপ্লে আছে। এতে ভোল্টেজ কত তা জানা যায়। টাচ প্যানেল দিয়ে তাপমাত্রা পরিবর্তনও করা যায়।
ফ্রিজের ক্রেতাদের কয়েকটি পরামর্শ দেওয়া হয় বলে জানান বেস্ট ইলেকট্রনিকসের ব্যবস্থাপক খলিফা মেহেদি হাসান। পরামর্শগুলো হলো, বাসায় নেওয়ার কমপক্ষে তিন ঘণ্টা পরে ফ্রিজ চালু করতে হবে। তার আরও তিন ঘণ্টা চলার পর ফ্রিজে খাবার বা পণ্য রাখা যাবে। আর বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রামে ফ্রস্ট ফ্রিজ ব্যবহারে সুবিধা পাওয়া যাবে।
দেশীয় ফ্রিজ নির্মাতাদের সংগঠন বাংলাদেশ রেফ্রিজারেটরস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এ বছর বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ২৫ লাখ ফ্রিজ।