রাজশাহীর চাষিরা ‘ফ্রুট ব্যাগিং’ করা আম এর আগে ইউরোপের বাজারে রপ্তানি করে লাভের মুখ দেখেছিলেন। এবারও প্রায় ২ হাজার মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে সেই লক্ষ্যমাত্রা ৩০ শতাংশও এবার অর্জিত হবে না বলে চাষিরা আশঙ্কা করছেন। তাঁরা বলছেন, ‘কোয়ারেন্টাইন কর্মকর্তাদের’ অযাচিত হস্তক্ষেপের কারণে এবার চাষিদের ২৮ কোটি টাকা লোকসান গুনতে হবে।
গতকাল শুক্রবার বিকেলে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আমচাষিরা এই আশঙ্কা প্রকাশ করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী এগ্রো ফুড প্রডিউসার সোসাইটির সভাপতি আনোয়ারুল হক। তিনি বলেন, বিদেশে রপ্তানির জন্য প্যাকেট করার আগে কোয়ারেন্টাইন ছাড়পত্র প্রয়োজন হয়। এর আওতায় ফলে তিন ধরনের পোকা আছে কি না, তা যাচাই করা হয়। কিন্তু সবকিছু ঠিকঠাক থাকার পরও প্রায় ৭০ শতাংশ আমকেই রপ্তানি অযোগ্য বলে ঘোষণা দিচ্ছেন কোয়ারেন্টাইন কর্মকর্তারা। এটা অনৈতিক ও অযাচিত হস্তক্ষেপ।
আমচাষিরা জানান, রপ্তানিযোগ্য আম উৎপাদন করতে হয় বিশেষ প্রক্রিয়ায়। এতে খরচ বেশি পড়ে। কর্মচারীদের অনেক প্রশিক্ষণ দিতে হয়। তাঁদের এবারের উৎপাদিত আম দেখে রপ্তানিকারকেরা খুশি। এ ছাড়া আমদানিকারকেরাও আগ্রহী। কিন্তু মাঝখান থেকে কোয়ারেন্টাইন কর্মকর্তারা সমস্যা তৈরি করছেন।
আনোয়ারুল হক আরও বলেন, রাজশাহীর শতাধিক আমচাষির আমবাগানে প্রায় ৩৫ লাখ আমে ফ্রুট ব্যাগিং করা হয়েছে। সেখানে প্রায় ৫ হাজার মেট্রিক টন আম উৎপাদিত হয়েছে। বাছাই করা ২ হাজার মেট্রিক টন আম রপ্তানির জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু ৭০ শতাংশ আম বাতিল করা হলে চাষিদের প্রায় ২৮ কোটি টাকা লোকসান গুনতে হবে। যাঁরা ঋণ নিয়ে আম চাষ করেছেন, তাঁদের পথে বসতে হবে।
সংবাদ সম্মেলনে আনোয়ারুল হক বলেন, গতবার ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত প্রায় শতভাগ আম রপ্তানির অনুমতি পেয়েছিলেন তাঁরা। এবারও ব্যাগিং পদ্ধতিতেই রপ্তানির জন্য আম উৎপাদন করেছেন চাষিরা। কিন্তু অহেতুক প্রায় ৭০ শতাংশ আম বাতিল করা হচ্ছে। তিনি চ্যালেঞ্জ করে বলেন, তাঁদের হাজার হাজার আম কেটেও কোয়ারেন্টাইনের আওতায় পড়ে, এমন একটি পোকাও কেউ বের করতে পারবে না।
রাজশাহী এগ্রো ফুড প্রডিউসার সোসাইটির এই নেতা সংবাদ সম্মেলনে কোনো অসাধু তৎপরতায় রপ্তানির পরিবেশ যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এই সমস্যার সমাধান অতি দ্রুত না হলে তাঁরা মানববন্ধন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেবেন। সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান খানও উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শরফ উদ্দীন জানান, কোয়ারেন্টাইন কর্মকর্তাদের দায়িত্ব হচ্ছে আমে তিন ধরনের পোকা আছে কি না, সেটা যাচাই করে সনদ দেওয়া। রাজশাহী অঞ্চলের আমে ওই তিনটি পোকার উপস্থিতি নেই। ফলে সহজেই ছাড়পত্র পাওয়ার কথা। কিন্তু তাঁরা আমের আকার, দাগ আছে কি না—এসব বিবেচনা করে ছাড়পত্র দিচ্ছেন না। এটা তাঁদের এখতিয়ারের মধ্যেই পড়ে না। তিনি বলেন, আমকে বালাইমুক্ত করার সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে ব্যাগিং পদ্ধতিতে আম চাষ করা। সেটাই করা হচ্ছে।
ঢাকার সাভারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওয়্যার হাউসে কর্মরত কোয়ারেন্টাইন কর্মকর্তা আনোরয়ার হোসেন খান গতকাল প্রথম আলোকে বলেন, তাঁরা আন্তর্জাতিক বাজারের মান, দাম ও প্রতিযোগিতায় টেকার জন্য আমটাকে আন্তর্জাতিক মানের করার চেষ্টা করছেন। ইউরোপের ব্যবসায়ীদের সঙ্গে তাঁদের কথা হয়েছে। আমে কোনো ধরনের বালাই পাওয়া গেলে বাংলাদেশ থেকে আর কোনো দিন আম নেওয়া হবে না। বিদেশের বাজারটা ধরে রাখার জন্য তাঁরা এই সতর্কতা অবলম্বন করছেন। এবার কম পাঠালেও ভবিষ্যতে বেশি আম পাঠাতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এই কর্মকর্তা।