ফ্রেশ ও টাইগার সিমেন্টকে ৩১ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনাঘাটে সিমেন্ট ক্লিংকার ও ফ্লাইঅ্যাশ খালাসের সময় বায়ুদূষণের অপরাধে দুটি সিমেন্ট কারখানাকে মোট ৩১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এর মধ্যে ফ্রেশ ব্র্যান্ডের সিমেন্ট প্রতিষ্ঠানকে ১৯ লাখ ৯৫ হাজার টাকা এবং টাইগার ব্র্যান্ডের সিমেন্ট প্রতিষ্ঠানকে ১১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল মঙ্গলবার এই জরিমানা করে আগামী ৩১ অক্টোবরের মধ্যে কারখানায় দূষণ প্রতিরোধক প্রযুক্তি স্থাপনের সময়সীমা বেঁধে দিয়েছেন।ফ্রেশ ব্র্যান্ডের সিমেন্টের মালিক মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। টাইগার ব্র্যান্ডের সিমেন্টের মালিক মদিনা গ্রুপের মদিনা সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।এর মধ্যে ইউনিক সিমেন্টের কারখানা এলাকায় বায়বীয় বর্জ্য বা ক্ষতিকর সাসপেন্ডেট পার্টিকুলার ম্যাটার (এসপিএম) পাওয়া যায় ৭০৪ দশমিক ২০ মাইক্রোগ্রাম/ঘনমিটার। মদিনা সিমেন্ট কারখানা এলাকায় বাতাসে এসপিএম পাওয়া যায় ৪৯৯ দশমিক ৩০ মাইক্রোগ্রাম/ঘনমিটার। বাংলাদেশে এসপিএমের আদর্শ মানমাত্রা ২০০ মাইক্রোগ্রাম/ঘনমিটার। পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিম ও ঢাকা গবেষণাগারের একটি যৌথ দল গত ২৫ সেপ্টেম্বর কারখানা দুটি পরিদর্শন করে দূষণের এ মাত্রা বের করে। পরিবেশ অধিদপ্তরের কর্মীরা গত ছয় মাসে এ দুটি কারখানা থেকে নিঃসৃত বায়বীয় বর্জ্যের পরিমাণ পেয়েছে ১ দশমিক ১১ লাখ ঘনমিটার।এ প্রসঙ্গে পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, দীর্ঘদিন সিমেন্ট কারখানাগুলোতে অনিয়ন্ত্রিত বায়ুদূষণ ঘটছে। পরিবেশ অধিদপ্তরের দীর্ঘদিনের নজরদারির অভাবে এবং উদ্যোক্তাদের আন্তরিকতার অভাবে দূষণের মাত্রা সীমা ছাড়িয়ে গেছে। অথচ উন্নত প্রযুক্তি ব্যবহার করে দূষণের এ মাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব। এ বায়ুদূষণ শুধু পারিপার্শ্বিক এলাকার জন্য ক্ষতিকর নয়, কারখানায় কর্মরত শ্রমিক/কর্মচারীদের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। এখনই লাগাম টেনে না ধরলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। এ জরিমানা উদ্যোক্তাদের সংশোধনের ও দূষণ বন্ধে ব্যবস্থা গ্রহণের পথ উন্মুক্ত করবে।