ফ্লাই দুবাইয়ের চাপ থেকে কিছুটা মুক্ত সিভিল এভিয়েশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্লাই দুবাই এয়ারলাইনসের চাপ থেকে কিছুটা হলেও মুক্তি পেয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বাংলাদেশ বিমানের প্রধান একটি লাভজনক গন্তব্য দুবাই রুটে নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার জন্য তারা যে প্রক্রিয়ায় তৎপরতা চালাচ্ছিল, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন সংযুক্ত আরব আমিরাতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত।এর আগে এই বিমান সংস্থাটির বিক্রয় প্রতিনিধি সাবেক বিমানমন্ত্রী জি এম কাদেরের সঙ্গেও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছিলেন। সূত্র জানায়, বছর খানেক আগে এই বিমান সংস্থাটি ঢাকা ও চট্টগ্রাম থেকে দুবাইয়ে ফ্লাইট পরিচালনা শুরু করে। অল্প দিনের মধ্যে এই গন্তব্যে বিমান সংস্থাটি সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনার অনুমতি লাভ করেছে। তারা ফ্লাইট-সংখ্যা আরও বাড়াতে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করে। একপর্যায়ে গত বছরের ১৭ অক্টোবর ফ্লাই দুবাইয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা হামাদ ওবায়দাল্লা ঢাকায় এসে তৎকালীন বিমানমন্ত্রী জি এম কাদেরের সঙ্গে অসৌজন্যমূলক ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। জানতে চাইলে জি এম কাদের প্রথম আলোকে বলেন, বিষয়টি বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে দূতাবাসের মাধ্যমে ফ্লাই দুবাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে। সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায়, সাবেক চারদলীয় জোট সরকারের এক মন্ত্রীর জামাতার প্রতিষ্ঠান ফ্লাই দুবাইয়ের বাংলাদেশের স্থানীয় এজেন্ট। বর্তমান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট প্রভাবশালী এক ব্যক্তির ছেলেকে স্থানীয় এজেন্ট তার ব্যবসায়িক অংশীদার করেছে। এখন তারা বাংলাদেশ থেকে নিয়মবহির্ভূতভাবে আরও বেশিসংখ্যক ফ্লাইট পরিচালনা করে আকাশ পরিবহন-বাণিজ্যে বাংলাদেশের বাজারে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। এ পরিস্থিতিতে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার কমোডর মাহমুদ হোসেন তাঁর কার্যালয়ে ২২ ফেব্রুয়ারি বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গাজী আবদুল্লাহ আসহুরের সঙ্গে আলোচনা করেন। গত রোববার বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সিভিল এভিয়েশনের চেয়ারম্যান মাহমুদ হোসেনকে বলেছেন, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপক্ষীয় বিমান চলাচল চুক্তির বিধিবহির্ভূতভাবে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনা জন্য ফ্লাই দুবাইয়ের বাংলাদেশের জিএসএ অযৌক্তিক চাপ প্রয়োগ করে আসছিল, সে জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। এ ছাড়া ফ্লাই দুবাইয়ের অনুকূলে ফ্লাইট পরিচালনার সুপারিশ করার বিষয়ে তাঁর দূতাবাসের সম্পৃক্ততার বিষয়েও তিনি অনুশোচনা প্রকাশ করেন। ভবিষ্যতে অনুরূপ বিষয়ের পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে তিনি সজাগ থাকবেন বলে জানান।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফ্লাই দুবাইকে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া না হলে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শ্রমবাজারে ধস নামবে বলে যে প্রচারণা চালানো হচ্ছে, তাও সম্পূর্ণ ভিত্তিহীন বলে রাষ্ট্রদূত জানিয়েছেন।