
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্মিত চট্টগ্রামের দেওয়ানহাট ফ্লাইওভারটি চালুর পর থেকেই এর এক অংশ দখল করে অটোটেম্পো স্ট্যান্ড বানানো হয়েছে। সেখান থেকেই প্রতিদিন যাত্রীরা ওঠা-নামা করেন। এর ফলে প্রতিদিনই যানজটে পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার (বন্দর) মো. সুজায়েত ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পাহাড়তলী, মুনসুরাবাদ, দেওয়ানহাট এলাকার রাস্তা যানজটমুক্ত রাখার জন্য প্রতিদিনই আমাদের অভিযান চলছে। ফ্লাইওভার থেকে অটো টেম্পো সরিয়ে দিয়ে যানজটমুক্ত করার ব্যবস্থা নেব আমরা।’
সিডিএ সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি দেওয়ানহাট ফ্লাইওভারটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এর পর থেকেই ফ্লাইওভারটির ওপরে রাস্তা দখল করে অটো টেম্পোগুলো অবস্থান নেয়। নগরের অলংকার-দেওয়ানহাট এবং হালিশহর-দেওয়ানহাট রুটের টেম্পোগুলো এখানে এসে থামে।
প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে নয়টার দিকে এগুলোর চলাচল শুরু হয়। এরপর এক এক করে টেম্পো এসে ফ্লাইওভারে ওঠার মুখে অবস্থান নেয়। পরে ধারাবাহিকভাবে একেকটি টেম্পো আবার ফিরতি গন্তব্যে রওনা হয়। এতে করে এ পথে চলাচলকারীদের প্রতিদিনই যানজটের কবলে পড়তে হয়।
সিডিএর নির্বাহী প্রকৌশলী ও দেওয়ানহাট-অলংকার মোড় সড়ক সম্প্রসারণ প্রকল্পের পরিচালক মো. মাহফুজুর রহমান বলেন, ‘আমি নিজেও একদিন দেওয়ানহাট ফ্লাইওভার দিয়ে আসার পথে দীর্ঘ সময় যানজটে আটকা পড়েছি। অবৈধভাবে রাস্তা দখল করে রাখা টেম্পোগুলো সরিয়ে দেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
গত বৃহস্পতিবার সকাল ১০টায় সরেজমিনে দেওয়ানহাট ফ্লাইওভার এলাকায় গিয়ে দেখা যায়, ডবলমুরিং থানার কাছে ফ্লাইওভারে ওঠার মুখে রাস্তা দখল করে আছে কয়েকটি টেম্পো। আর ফ্লাইওভারের ওপরে এক পাশে সারি করে অবস্থান নিয়েছে অন্তত ১০টি অটো টেম্পো। একটির মেরামতের কাজও চলছে রাস্তায়।
ফ্লাইওভারের মুখে যানজটে আটকে পড়া সিএনজি অটোরিকশা যাত্রী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নাঈম উদ্দিন অভিযোগ করেন, ‘রাস্তা পারাপারের সুবিধার জন্য ফ্লাইওভার তৈরি হলেও যানজটের কারণে কোনো সুফল আমরা পাচ্ছি না। বরং টেম্পোগুলোর জন্য একটি নিরাপদ আশ্রয় হয়েছে এটি।’
ফ্লাইওভারের মুখে যানজটে আটকে পড়া নিউমার্কেট এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হতাশা ব্যক্ত করে বলেন, ‘অভিযোগ জানিয়ে লাভ কী? প্রতিদিন একই দৃশ্য দেখছি। সকালে সময়মতো ব্যবসাপ্রতিষ্ঠানে যেতে পারি না। ট্রাফিক পুলিশও আছে। যানজটও আছে। এর থেকে নিস্তার নেই।’
ফ্লাইওভার দখল করে অবস্থান নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম জেলা অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শফি বলেন, ‘আমরা আপাতত এখানে অবস্থান নিয়েছি। দেওয়ানহাট থেকে কদমতলী ফ্লাইওভার পর্যন্ত রাস্তার কাজ পুরোপুরি শেষ হলে টেম্পোগুলো কদমতলীতে ভাসমান স্ট্যান্ডে সরিয়ে নেব।’