ফ্লাইট সার্জেন্ট জহুরুল হকের স্মৃতি রক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ ফ্লাইট সার্জেন্ট জহুরুল হকের স্মৃতি রক্ষায় রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণের জন্য দাবি জানানো হয়েছে। গতকাল বুধবার বিকেলে তাঁর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত শহীদ জহুর-অদুদ স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান। এ উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের বৃহত্তর নোয়াখালী জেলা ইউনিটের সাবেক কমান্ডার মিজানুর রহমান। বক্তব্য দেন সাবেক সাংসদ ফজলে এলাহী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন, শহীদ জহুর-অদুদ স্মৃতি পরিষদের সদস্যসচিব মিয়া মো. শাহজাহান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার আহবায়ক কাজী মানছুরুল হক, শহীদ সার্জেন্ট জহুরুল হকের চাচাতো বোন ফাতেমা হক প্রমুখ।
আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি শহীদ সার্জেন্ট জহুরুল হকের ৪৮তম মৃত্যুবার্ষিকী ১৫ ফেব্রুয়ারি। ১৯৬৯ সালের এই দিনে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী অবস্থায় পাকিস্তানি সেনাবাহিনী গুলি ও বেয়নেটের আঘাতে তাঁকে হত্যা করে।
বক্তারা বলেন, সার্জেন্ট জহুরুল হকের আত্মদানের মধ্য দিয়ে উনসত্তরের গণ-আন্দোলন স্বাধীনতা আন্দোলনে রূপ নেয়। জাতির এই বীর সন্তানের নিজ জেলা নোয়াখালীতে তাঁর স্মৃতি রক্ষায় রাষ্ট্রীয়ভাবে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। বক্তারা সোনাপুর জেলা পরিষদ কলোনিতে শহীদ সার্জেন্ট জহুরুল হকের বাড়িটি তাঁর পরিবারের নামে বিনা মূল্যে স্থায়ী বন্দোবস্ত দিয়ে সেখানে জাদুঘর করার দাবি জানান।