ফ্লাইটের ১০ ঘণ্টা আগে হজক্যাম্পে হাজির হতে হবে হজযাত্রীদের

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের ফ্লাইট শুরু হচ্ছে কাল বৃহস্পতিবার থেকে। চলবে ৫ আগস্ট পর্যন্ত। তবে কাল বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ২৯ জুলাই পর্যন্ত যাদের হজ ফ্লাইট রয়েছে, তাঁদের সৌদি আরব অংশের ইমিগ্রেশন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পন্ন করা হবে। এবারই প্রথম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করা হবে। তাই নির্ধারিত সময় ১০ ঘণ্টা আগে রাজধানীর আশকোনা হজক্যাম্পে রিপোর্ট করতে অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাল বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ২৯ জুলাই পর্যন্ত যাদের হজ ফ্লাইট রয়েছে, তাঁদের সৌদি আরবের প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশনের আগে কিছু কাজ সম্পন্ন করতে হবে। যেসব হজযাত্রী সৌদি আরবের প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পন্ন করবেন, তাঁদের নামের তালিকাও প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে ইমিগ্রেশনের আগে প্রত্যেক হজযাত্রীর হাতের ১০ আঙুলের ছাপ গ্রহণ, পাসপোর্ট স্ক্যান ও ছবি ওঠানো, লাগেজের নির্দিষ্ট রঙের স্টিকার লাগানো, ঢাকা হজক্যাম্পে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভ্রমণকারী হজযাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন, বিমানবন্দরের মূল টার্মিনালে সৌদি এয়ারলাইনসের ভ্রমণকারী হজযাত্রীদের ইমিগ্রেশন ও সর্বশেষ বিমান ১১ নম্বর গেটে স্থাপিত সৌদি আরবের প্রি-অ্যারাইভাল ভেরিফিকেশন কাউন্টারে সৌদি ইমিগ্রেশন সম্পন্ন করতে হবে। এসব কাজ যথাসময়ে সম্পন্ন করার জন্যই হজযাত্রীদের বিমানযাত্রার কমপক্ষে ১০ ঘণ্টা আগে হজক্যাম্পে রিপোর্ট করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে ফ্লাইট শিডিউল অনুযায়ী হজযাত্রীদের যথাসময়ে ঢাকা হজক্যাম্পে উপস্থিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। কোনো কারণে ফ্লাইট শিডিউল পরিবর্তন হলে তা যথাসময়ে অবহিত করা হবে বলে জানায় ধর্ম মন্ত্রণালয়।
সৌদি আরবের প্রি–অ্যারাইভাল ইমিগ্রেশন সম্পন্নকারী হজযাত্রীদের ফ্লাইট শিডিউল দেখতে ক্লিক করুন