ফ্লাওয়ারস অব মেফেস্টিভ্যাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন শোভাযাত্রা রাজধানীতে খুব একটা দেখা যায় না। সড়কজুড়ে যেন নান্দনিক সাংস্কৃতিক পরিবেশনা। বর্ণাঢ্য সাজে সজ্জিত ফিলিপিনোরা অংশ নেন এতে। সঙ্গে তাঁদের নানা ঐতিহ্যবাহী সামগ্রী। ফিলিপাইনের ঐতিহ্যবাহী ‘সান্তাক্রুজান’ বা ‘ফ্লাওয়ারস অব মে ফেস্টিভ্যাল’ উপলক্ষে গতকাল শুক্রবার ঢাকায় বসবাসরত ফিলিপিনোরা মিলিত হলেন বারিধারার উদ্যানে। ছিল ফিলিপাইনের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানও। উৎসবের শুরু হয়েছিল শোভাযাত্রা দিয়ে। থেমে থেমে বৃষ্টি, সঙ্গে মৃদুমন্দ বাতাসের প্রবাহ—সবকিছু উপেক্ষা করে সকাল থেকে আনন্দ-উচ্ছ্বাস নিয়ে ঢাকায় বসবাসকারী ফিলিপাইনের নাগরিকেরা জড়ো হন বারিধারা এলাকায়। রংবেরঙের পোশাকে নারী-পুরুষের উপস্থিতিতে পুরো বারিধারা এলাকায় বিরাজ করছিল উৎসবমুখর পরিবেশ। শুরুতে বারিধারার পার্ক রোড এলাকা থেকে বের হয় শোভাযাত্রা।ফুল হাতে নারীরা শোভাযাত্রায় নেতৃত্ব দেন। অংশগ্রহণকারীদের হাতে ফুল, ছাতাসহ নানা অনুষঙ্গ। মাঝখানে রানির বেশে মুকুট মাথায় একজন নারীকে কেন্দ্র করে শোভাযাত্রা এগিয়ে যায়। বাদ্যের তালে তালে সবাই পৌঁছে যান জাতিসংঘ সড়কের পাশে লেকঘেঁষা বারিধারা উদ্যানে। উদ্যানের দক্ষিণ পাশে শামিয়ানা টানিয়ে করা হয় দর্শকের বসার ব্যবস্থা। ফিলিপাইনের নাগরিকেরা ছাড়াও দর্শকের সারিতে ছিলেন বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও বারিধারা সোসাইটির সদস্যরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল শিশুদের সমবেত পরিবেশনা। পরে ফিলিপাইনের শিল্পীরা তাঁদের ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত পরিবেশন করেন। আয়োজকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন ফিলিপাইন দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স মেরি গ্রেস এ ভিলামেয়র।

সান্তাক্রুজান উৎসব ফিলিপাইনের শত বছরের পুরোনো একটি উৎসব। মে মাসের শেষ দিন ফিলিপাইনের বিভিন্ন অঞ্চলে এই উৎসব উদ্যাপন করা হয়। সে দেশে মে মাসে বৃষ্টি শুরু এবং ফুলের মৌসুম হওয়ার কারণে একে ‘ফ্লাওয়ারস অব মে’ উৎসবও বলা হয়ে থাকে। গতকালের অনুষ্ঠানের আয়োজকদের মতে, এটি ফিলিপাইনের সবচেয়ে বড় এবং রঙিন আয়োজন। এ কারণে এই উৎসবকে ফিলিপাইনে উৎসবের রানিও বলা হয়। দিনটি বৃষ্টিমুখর হওয়ায় উৎসবের তাৎপর্যের সঙ্গেও মিলে গিয়েছিল পরিবেশ। দেশ ছেড়ে এসেও দেশের এই উৎসবে শামিল হয়ে আনন্দময় সময় কাটালেন ফিলিপিনোরা।