ফ্লাডলাইটের আলোয় হাসছে চট্টগ্রামের বিশ্বকাপ ভেন্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেটের ভেন্যু চট্টগ্রাম জহুর আহম্মদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়াম হাসছে আলোর ঝরনাধারায়। তারই আলোয় আলোকিত স্টেডিয়ামপাড়া। এতে বিশ্বকাপ প্রস্তুতিতে আরও একধাপ এগিয়ে গেল চট্টগ্রাম। অথচ এই ফ্লাডলাইট নিয়ে অনেক শঙ্কা ছিল। কারণ গত ১৭ সেপ্টেম্বর স্টেডিয়াম থেকে চুরি যায় ফ্লাডলাইটের বেশ কিছু সরঞ্জাম। ফ্লাডলাইটের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিকসসহ সংশ্লিষ্ট অন্যরা এ নিয়ে বেশ উদ্বিগ্ন ছিল। অবশেষে সব শঙ্কা কাটিয়ে গত রোববার থেকে একে একে জ্বলে ওঠে স্টেডিয়ামের সব ফ্লাডলাইট। গতকালও জ্বলেছে। এখন চলছে পরীক্ষা-নিরীক্ষা, মাঠের কোন জায়গায় কতটুকু আলো ফেলতে হবে ইত্যাদি। ফ্লাডলাইট বুঝিয়ে দিতে ট্রান্সকম ইলেকট্রনিকসের প্রকৌশলীরা এখন চট্টগ্রামে। আজকালের মধ্যে ফ্লাডলাইট চূড়ান্তভাবে বুঝে নেবেন আয়োজকেরা।নানা কারণে ফ্লাডলাইট নিয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন আয়োজকেরা। তাই স্টেটিয়ামে আলোর ঝলকানিতে তাঁদের মুখও উজ্জ্বল হয়ে উঠেছে। ভেন্যুর চেয়ারম্যান ও বিসিবির পরিচালক সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমরা ফ্লাডলাইট নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন ছিলাম। কারণ আইসিসি এসে যদি ফ্লাডলাইট না দেখে তাহলে নানা প্রশ্ন দেখা দিত। তাই এত শঙ্কার মধ্যেও নির্ধারিত সময়ে সুচারুভাবে ট্রান্সকম কাজ শেষ করেছে।’ ফ্লাডলাইট জ্বলে ওঠায় স্টেডিয়ামের অন্যান্য অসমাপ্ত কাজেও গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ৫ ডিসেম্বরের মধ্যে মিডিয়া বক্স, ড্রেসিং রুম ও জায়ান্ট স্ক্রিনের কাজ শেষ হবে বলে জানা গেছে। ফ্লাডলাইট জ্বলে ওঠার আগে স্টেডিয়ামে একটি নতুন বিদ্যুৎ সংযোগও লাগে। ১১ কেভি ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।