ফ্ল্যাট তৈরির প্রকল্প বাতিলের দাবি জানালেন ভূমিহীনেরা
ভূমিহীনদের জন্য জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নেওয়া ফ্ল্যাট তৈরির প্রকল্প বাতিলের দাবি জানিয়েছেন খুলনার বাস্তুহারা কলোনির বাসিন্দারা। তাঁরা গত সোমবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।
কলোনির বাসিন্দাদের ভাষ্য, এর আগে আরেকটি প্রকল্পের মাধ্যমে সেখানে বসবাসরত তালিকাভুক্ত পরিবারগুলোকে প্লট বরাদ্দ দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁদের কোনো কিছু না জানিয়েই ফ্ল্যাট তৈরির এ প্রকল্প নেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে বিপুলসংখ্যক মানুষকে কলোনি থেকে উচ্ছেদ হতে হবে।
সংবাদ সম্মেলনের আগে কয়েক শ ভূমিহীন মানুষ মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে এসে জড়ো হন। তাঁরা সেখানে রাস্তা আটকে বিক্ষোভ ও সমাবেশ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলোনির বাসিন্দা এনামুল হক। তিনি বলেন, স্বাধীনতার পর ভূমিহীনদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে খুলনার তৎকালীন জেলা প্রশাসক ৩৩ একর জায়গা অধিগ্রহণ করেন। পরবর্তী সময়ে ১৯৭৪ সালে ৭১৪টি ভূমিহীন পরিবারকে ১৫ ফুট বাই ৩০ ফুট আয়তনের একটি করে প্লট দেওয়া হয়। এরপর আরও ৮২২টি পরিবারকে প্লট দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন থাকলেও ১৯৭৫ সালে বঙ্গবন্ধু নিহত হওয়ার পর তা থমকে যায়।
লিখিত বক্তব্যে জানানো হয়, ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই জমি ভূমিহীনদের মাঝে স্থায়ীভাবে বরাদ্দের নির্দেশ দেন। ২০০৯ সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে ‘বঙ্গবন্ধু নগর’ নামের একটি প্রকল্প গৃহীত হয়। এর মাধ্যমে বাস্তুহারা কলোনির ওই জমি ভূমিহীনদের মাঝে প্লট আকারে স্থায়ীভাবে বরাদ্দের সিদ্ধান্ত হয়। পরে সেই অনুযায়ী ১ হাজার ৫৩৬ জন ভূমিহীনের নামের তালিকাও তৈরি করা হয়।
এনামুল তাঁর বক্তব্যে বলেন, ১০ এপ্রিল একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে তাঁরা জানতে পারেন, বাস্তুহারা প্রতি পরিবারকে এক কক্ষবিশিষ্ট ৪৭৫ বর্গফুটের একটি করে ফ্ল্যাট দেওয়া হবে। আর সেই ফ্ল্যাট ৯ লাখ ৭৬ হাজার টাকায় কিনতে হবে। তিনি প্রশ্ন রেখে বলেন, ৪০ বছর আগে প্রতি পরিবারের জন্য ১৫ ফুট বাই ৩০ ফুটের যে জায়গা দেওয়া হয়েছিল, সেসব পরিবারের সদস্যসংখ্যা এখন ১০ জনের বেশি। এখন এক কক্ষের একটি ফ্ল্যাটে তাঁরা এতগুলো মানুষ কীভাবে থাকবেন?
এনামুল আরও বলেন, স্বল্প আয়ের এসব পরিবার তাদের একটু একটু আয় দিয়ে ঘরবাড়ি তুলেছে। পাকা করেছে, প্রয়োজনে কক্ষ বাড়িয়েছে। এখন নয় লাখ টাকা দিয়ে আবার ফ্ল্যাট কেনা তাদের পক্ষে সম্ভব নয়।
কলোনির বাসিন্দাদের ধারণা, কলোনির ৩৩ একর জায়গার মধ্যে মাত্র ১৪ একর জায়গায় ফ্ল্যাট বানিয়ে বাকি জায়গা প্রভাবশালীদের মাঝে বিক্রির জন্যই এই প্রকল্প তৈরি করা হয়েছে। তাই তাঁরা এই প্রকল্প বাতিল করে তালিকাভুক্ত পরিবারগুলোর মাঝে নির্ধারিত প্লটগুলো নিবন্ধন করে দেওয়ার দাবি জানিয়েছেন।