ফ্ল্যাট দখল করতেই আলেয়াকে খুন করেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলেয়ার কেনা ফ্ল্যাটটি অবৈধ দখলে নিতেই তাঁকে খুন করা হয়েছে বলে তদন্তকারী কর্মকর্তারা ধারণা করছেন। ঘটনায় জড়িত সন্দেহে আলেয়ার বাড়ির মালিকের ছেলে এস এস আসলামকে গত সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। তিন দিনের রিমান্ড শেষে গত শনিবার তাঁকে কারাগারে পাঠানো হয়। ৩ অক্টোবর মিরপুর ১ নম্বর সেকশনের ডি-ব্লকের ৭ নম্বর সড়কের ৬ নম্বর বাড়ির ছয়তলার ফ্ল্যাট থেকে গৃহবধূ আলেয়া বেগমের (৩৫) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। ওই বাসা থেকে নগদ অলঙ্কারসহ ছয় লাখ ৩০ হাজার টাকার মালামাল, আলেয়ার ফ্ল্যাট কেনার চুক্তিপত্র ও গ্রামের বাড়ির দলিল খোয়া যায়। মামলার তদারককারী কর্মকর্তা ও মিরপুর অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. জসীমউদ্দীন মোল্লা প্রথম আলোকে বলেন, খুনিরা প্রকৃত ঘটনা আড়াল করতে ডাকাতির নাটক সাজিয়েছে। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, ফ্ল্যাটের অবৈধ দখলই হত্যাকাণ্ডের প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। ঘটনার সঙ্গে বাড়ির মালিক বদিউজ্জামানের হাত রয়েছে বলে তিনি জানান। আলেয়ার মেয়ে তাহমিনা তদন্তের সঙ্গে সম্পৃক্ত বিষয়ে গতকাল রোববার আদালতে জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্তকারী সূত্র জানায়, বাড়ির মালিক বদিউজ্জামানের ছেলে এস এম আসলাম রিমান্ডে পুলিশকে বলেন, নিহত আলেয়া তাঁর একমাত্র সন্তান তাহমিনা ওরফে বন্যাকে নিয়ে এ ফ্ল্যাটে থাকতেন। আলেয়ার তৃতীয় স্বামী আলী আক্কাস তিন মাস আগে মারা যান। তাহমিনা শাহ আলী গার্লস স্কুলে দশম শ্রেণীতে পড়ে। রিমান্ডে থাকা অবস্থায় আসলাম পুলিশকে জানান, আলেয়ার বাসাতে তাঁর বাবার যাতায়াত থাকায় বিষয়টি নিয়ে তাঁদের সন্দেহ ছিল। তবে আলেয়ার ফ্ল্যাটটি পাওয়ার আশায় তাঁর এক আত্মীয়ের সঙ্গে তাহমিনাকে বিয়ে দিতেও চেয়েছিলেন। তাঁর খালুর ছেলে সুমনও এ লোভে তাহমিনার সঙ্গে প্রেম করত। তদন্তকারী ব্যক্তিরা জানান, সবারই লক্ষ্য ছিল ফ্ল্যাটটির অবৈধ দখল।