উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘এ’ ব্লকের ভবন নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে করা চুক্তি বাতিল হয়ে যাচ্ছে। কারণ, প্রতিষ্ঠানগুলো চুক্তি অনুযায়ী কাজ করতে পারেনি।
এদিকে কাঙ্ক্ষিত কাজ না হলেও ১০০ কোটি টাকার বিল পরিশোধ করা হয়েছে। আর ফ্ল্যাট বরাদ্দপ্রাপ্তদের দেওয়া ৫০০ কোটি টাকা রাজউকের কাছে পড়ে আছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চুক্তি বাতিল-প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করেছে। চুক্তি বাতিল হলে নিয়ম অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে জরিমানা আদায় করা হবে। এ সিদ্ধান্ত জানিয়ে শিগগিরই চিঠি দেওয়া হবে বলে রাজউকের দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
সরকারি দলের দুই সাংসদ এনামুল হক ও নসরুল হামিদের প্রতিষ্ঠানের সঙ্গে রাজউক ওই চুক্তি করেছিল। সাংসদের সঙ্গে সরকারের ব্যবসা করা আইনে নিষিদ্ধ হলেও এ ক্ষেত্রে তা মানা হয়নি। চুক্তির সময় এ বিষয়টি উল্লেখ করে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল।
চুক্তির ২১ মাস পর দুই সাংসদের প্রতিষ্ঠান নিজেরা না পেরে মালয়েশিয়ার দুটি নির্মাণপ্রতিষ্ঠানকে দিয়ে কাজ করাতে চেয়েও পারছে না। ইতিমধ্যে তারা বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তিপত্রও সই করেছে। তবে মালয়েশিয়ার প্রতিষ্ঠানগুলো অস্বাভাবিক শর্ত দেওয়ায় রাজউক তা মানছে না। রাজউক অবশ্য বলছে, এদের দিয়ে কাজ করাতে তাদের ওপর প্রভাবশালীদের চাপ রয়েছে।
দুই হাজার ৮০৮ কোটি টাকার এই প্রকল্পের কাজ এখন নতুন করে শুরু করা হলে খরচ বাড়বে আরও প্রায় ৮৪২ কোটি টাকা। যদিও রাজউক সূত্র বলছে, খরচ বাড়লেও বরাদ্দপ্রাপ্তদের ওপর এর প্রভাব পড়বে না।
সাংসদ এনামুল হকের এনা প্রোপার্টিজ দক্ষিণ কোরিয়ার ডুঙ্গা এএইচ ও ডিডিজের সঙ্গে এবং সাংসদ নসরুল হামিদের প্রতিষ্ঠান হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশন লিমিটেডের সঙ্গে বিল্ডিং ফর ফিউচার (বিএফএল) যৌথভাবে ভবন নির্মাণের কাজ পায়। ২১ মাসে ৬০ ভাগ কাজ শেষ করার কথা ছিল। কিন্তু এই সময়ে পাঁচ ভাগ কাজও শেষ হয়নি।
মালয়েশীয় প্রতিষ্ঠানের শর্ত: প্রকল্পের কাজ করার ক্ষেত্রে তিনটি শর্ত দেয় মালয়েশিয়ার দুই নির্মাণ প্রতিষ্ঠান। শর্তগুলো হচ্ছে ‘এ’ ব্লকের কাজের জন্য বর্তমান বাজারমূল্য অনুযায়ী প্রকল্পের ব্যয় বাড়াতে হবে। দ্বিতীয়ত, কাজের সময়সীমা বাড়াতে হবে। তৃতীয়ত, অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘বি’ ও ‘সি’ ব্লকের কাজও তাদের দিয়ে করাতে হবে।
যোগাযোগ করা হলে রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। রাজউকের সদস্য (উন্নয়ন) খন্দকার সালাহউদ্দিন প্রথম আলোকে বলেন, এনা-ডুঙ্গাসহ ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি বাতিলের চিঠি তৈরি হয়েছে। শিগগিরই তা দেওয়া হবে। তবে মালয়েশিয়ার দুই প্রতিষ্ঠানের শর্ত রাজউকের পক্ষে মানা সম্ভব নয়।
এ প্রসঙ্গে নসরুল হামিদ বলেন, মালয়েশিয়ার দুই কোম্পানিকে তারা সে অর্থে কোনো ‘সাব-কন্ট্রাক্ট’ দেননি। কারিগরি দিক দেখতে বলা হয়েছিল। কাজ বাতিলের চিঠি পেলে পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে জানান তিনি।
এনামুল হক বলেন, ‘চুক্তি বাতিলের সুযোগ নেই, এটা করা হলে মানব না। আইন-আদালত তো আছে।’ তাঁর দাবি, প্রকল্পে তাঁরা যতটুকু কাজ করেছেন, রাজউক তার থেকে অনেক কম দেখাচ্ছে।
স্বল্প ও মধ্যম আয়ের নাগরিকদের জন্য সরকারি উদ্যোগে রাজউকের সম্প্রসারিত উত্তরা এলাকার ১৮ নম্বর সেক্টরে ‘এ’ ‘বি’ ও ‘সি’ ব্লকে মোট ২০ হাজার ১৬০টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেয় সরকার। ‘এ’ ব্লকে এক হাজার ২৫০ বর্গফুট আয়তনের সাড়ে ছয় হাজার ফ্ল্যাট নির্মাণ হওয়ার কথা। ঠিকাদারি প্রতিষ্ঠান এনা-ডুঙ্গা এএইচ কনস্ট্রাকশন ফার্ম উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘এ’ ব্লকে ২০টি ১৬ তলা ভবন নির্মাণের জন্য রাজউকের সঙ্গে চুক্তি করে ২০১১ সালের ডিসেম্বরে। এনা প্রপার্টিজের সঙ্গে কোরিয়ার অপর একটি প্রতিষ্ঠান ডিডিজে যৌথভাবে ‘এনা-ডিডিজে কনস্ট্রাকশন ফার্ম’ নামে ১০টি ভবন তৈরির কাজ নেয়।
‘এ’ ব্লকের ফ্ল্যাট নির্মাণকাজ শেষ করার কথা ২০১৪ সালের মধ্যে। বরাদ্দপ্রাপ্তদের বুঝিয়ে দেওয়ার কথা ২০১৬ সালের মধ্যে। কিন্তু কাজের ধীরগতির কারণে এ সময়ের মধ্যে শেষ করা এবং বুঝিয়ে দেওয়া খুবই কঠিন হবে বলে সংশ্লিষ্টরা বলছেন।
বরাদ্দপ্রাপ্তদের ৫০০ কোটি টাকা: উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘এ’ ব্লকের জন্য আবেদন করেছিলেন প্রায় ছয় হাজার আবেদনকারী। আবেদনের সঙ্গে তাঁরা তিন লাখ টাকা জামানত দিয়েছিলেন। তাঁদের সবাইকে বরাদ্দ দেওয়া হয়। তবে প্রথম কিস্তির টাকা জমা দেওয়ার শেষ সময় পর্যন্ত (গত সেপ্টেম্বর) প্রায় পাঁচ হাজার বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি ছয় লাখ ৭১ হাজার ২৫০ টাকা করে জমা দেন। এ বাবদ জমা হয় ৩৩৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা। বরাদ্দপ্রাপ্ত অন্য এক হাজার জনের মধ্যে প্রায় অর্ধেক সংখ্যক হতাশ হয়েই জামানতের টাকা তুলে নেন। বাকি অর্ধেকের জামানতের টাকা রয়ে গেছে রাজউকের কাছে। এই টাকার পরিমাণ ১৬৫ কোটি টাকা। প্রথম কিস্তির টাকার সঙ্গে যোগ করলে দাঁড়ায় ৫০০ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা।
১০০ কোটি টাকার বিল পরিশোধ: রাজউকের হিসাব বিভাগ সূত্রে জানা যায়, উত্তরা প্রকল্পে ঠিকাদার প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন সময়ে প্রায় ১০০ কোটি টাকার বিল পরিশোধ করা হয়েছে। চলতি মাসের শুরুতেও প্রায় সাত কোটি টাকার বিল শোধ করা হয়। গণপূর্ত অধিদপ্তরকেও বিল পরিশোধের জন্য রাজউকের পক্ষ থেকে তিন দফায় মোট ৪১ কোটি টাকা দেওয়া হয়। তারা ঠিকাদারদের তা পরিশোধও করে।
এ বিষয়ে জানতে চাইলে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সাবেক সভাপতি এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আওয়াল বলেন, অ্যাপার্টমেন্ট নির্মাণের কাজ রাজউকের নয়, গৃহায়ণ কর্তৃপক্ষের। তাঁর মতে, উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের জন্য আবার দরপত্র আহ্বান করা হলে তা যেন বৃহদাকারের না হয়ে ছোট ছোট ভাগে ভাগ করা হয়। তাহলে অনেকেই অংশ নিতে পারবে এবং প্রতিযোগিতাও বাড়বে। এ ক্ষেত্রে নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে কাজ দেওয়ার আগে বিক্রয়মূল্য বেঁধে দেওয়ার পরামর্শ দেন তিনি।