ফ্ল্যাট প্রকল্পে শুরুতেই হোঁচট খেল রাজউক
রাজধানীর আবাসন সমস্যা নিরসনে উত্তরা ফ্ল্যাট প্রকল্প বাস্তবায়নে শুরুতেই হোঁচট খেল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। দফায় দফায় সময় বাড়িয়েও ফ্ল্যাট কিনতে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে আশানুরূপ সাড়া মিলছে না। ফ্ল্যাটের উচ্চমূল্য ও জামানত বেশি হওয়ায় ফ্ল্যাটের জন্য আবেদন করতে অনেকেই অনীহা দেখাচ্ছেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।প্রকল্প সূত্র জানায়, রাজউক প্রথমবারের মতো প্লটের পরিবর্তে ফ্ল্যাট নির্মাণের সিদ্ধান্ত নেয়। প্রাথমিক পর্যায়ে সম্প্রসারিত উত্তরা তৃতীয় পর্ব প্রকল্পে ছয় হাজার ৬০০ ফ্ল্যাট নির্মাণের প্রকল্প শুরু হয়। দুই মাস সময় রেখে ফ্ল্যাটের জন্য আবেদন চাওয়া হয় ৩০ এপ্রিলের মধ্যে। এ সময়ে নির্ধারিত ফ্ল্যাটের অর্ধেক সংখ্যক আবেদনও জমা না পড়ায় দ্বিতীয় দফায় সময় বাড়িয়ে আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয় ৩১ মে। এতেও আশানুরূপ সাড়া না পাওয়ায় সময়সীমা আরও দুই মাস বাড়িয়ে ৩১ জুলাই নির্ধারণ করা হয়েছে।রাজউকের সম্পত্তি বিভাগ সূত্র জানায়, দ্বিতীয় দফায় সময় বাড়ানোর পর ফ্ল্যাটের জন্য প্রায় ছয় হাজার আবেদন জমা পড়েছে। সম্পত্তি বিভাগের সদস্য আকতার ভূইয়া বলেন, আবেদনপত্র বিভিন্ন ব্যাংকের মাধ্যমে নেওয়া হচ্ছে। সব ব্যাংকে জমা পড়া হিসাব একত্র করার পর সঠিক হিসাব বলা যাবে।উত্তরা ফ্ল্যাট প্রকল্পের পরিচালক এমদাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ফ্ল্যাট পেতে আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিদের অনেকে রাজউকের বিভিন্ন প্রকল্পে প্লটের জন্য আবেদন করেছিলেন। অনেকে জামানতের টাকা ফেরত পাননি। সে কারণে তাঁদের অনুরোধে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।ফ্ল্যাটের মূল্য ও জামানতের পরিমাণ বেশি নয় দাবি করে প্রকল্প পরিচালক বলেন, বাইরে প্রতি বর্গফুট আয়তনের ফ্ল্যাটের দাম ছয় হাজার টাকার ওপরে হলেও রাজউক এই ফ্ল্যাটের জন্য প্রতি বর্গফুট নির্ধারণ করেছে সাড়ে তিন হাজার টাকা। রাজউক থেকে যে ফ্ল্যাট ৬০ লাখ টাকায় দিতে পারবে, সেটার মূল্য বাইরে কমপক্ষে দেড় কোটি টাকা হবে।রাজউকের ফ্ল্যাট কিনতে ইচ্ছুক ব্যক্তিরা অভিযোগ করেন, প্রকল্পে প্রতি বর্গফুট আয়তনের ফ্ল্যাটের দাম ধরা হয়েছে সাড়ে তিন হাজার টাকা। ১৬২০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের ৩৭০ বর্গফুট কমন স্পেস বাদ দিয়ে ফ্ল্যাটের প্রকৃত আয়তন ১২৫০ বর্গফুট হলেও ক্রেতাদের পরিশোধ করতে হবে ১৬২০ বর্গফুটের দামই। প্রতিটি ফ্ল্যাটের দাম পড়বে ৫৬ লাখ ৭০ হাজার টাকা। এর সঙ্গে যোগ হবে নিবন্ধনসহ অন্যান্য খরচ। জামানত হিসেবে আবেদনকারীদের দিতে হবে তিন লাখ টাকা। তাঁদের মতে, বাসযোগ্য ভালো মানের ফ্ল্যাট নির্মাণে প্রতি বর্গফুটে তিন হাজার টাকার বেশি পড়ার কথা নয়। প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মার্চে আনুষ্ঠানিকভাবে শুরু হলেও প্রকল্পের কাজ তেমনটা এগোয়নি। প্রকল্প এলাকার মাটি পরীক্ষার পর টেস্ট পাইলিংয়ের কাজ চলছে। দেশি-বিদেশি নির্মাতাপ্রতিষ্ঠানকে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হলেও রাজউকের সঙ্গে তাদের কাজে সমন্বয়হীনতা রয়েছে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে আবাসন কোম্পানিগুলোর সঙ্গে রাজউকের বৈরী সম্পর্ক আরও বেড়েছে।রাজধানীর আবাসন সমস্যা মেটাতে রাজধানীতে সাড়ে চার লাখ ফ্ল্যাট নির্মাণের ঘোষণার অংশ হিসেবে প্রথম পর্যায়ে উত্তরার ফ্ল্যাট প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়। ২১৪ দশমিক ৪ একর জায়গায় বাস্তবায়নাধীন ‘উত্তরা ২২ হাজার ফ্ল্যাট প্রকল্প’ নামের এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় নয় হাজার ৩০ কোটি টাকা। লক্ষ্যমাত্রা অনুযায়ী ৩০ মাসের মধ্যে ২০১৪ সালের শেষ দিকে প্রথম পর্যায়ে প্রকল্পের ‘এ’ ব্লকে ছয় হাজার ৬০০ ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার কথা।