ফ্ল্যাট বাড়িতে স্বামী-স্ত্রীকে ছুরিকাঘাত করে লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামী-স্ত্রী বসে রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় কলবেল বেজে ওঠে। দরজা খুলতেই মারধর, একপর্যায়ে স্বামী-স্ত্রী দুজনকে ছুরিকাঘাত করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করে পালায় দুর্বৃত্তরা।গত সোমবার রাত নয়টায় সিলেট নগরের শিবগঞ্জের ‘ফেয়ার টাওয়ার’ নামের ফ্ল্যাট বাড়িতে এ ঘটনা ঘটে। স্বামী-স্ত্রী দুজনকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ডাকাতি না ছিনতাই, এ বিষয়ে বাড়ির মালিকসহ পুলিশও নিশ্চিত হতে পারেননি। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ফ্ল্যাটের নিরাপত্তাকর্মীকে মহানগর পুলিশের শাহপরান থানা হেফাজতে নেওয়া হয়েছে।পুলিশ এলাকাবাসীর বরাত দিয়ে জানায়, ফেয়ার টাওয়ারের আটতলার ‘এফ’ ফ্ল্যাটে রিয়াজুল হক ও তাহমিনা হক দম্পতি বসবাস করছিলেন। তাঁদের তিন সন্তানের দুজন যুক্তরাজ্যে বসবাস করেন। রাত নয়টার দিকে চিৎকার-শোরগোল শুনে প্রতিবেশীরা গিয়ে দেখেন স্বামী-স্ত্রী দুজনই রক্তাক্ত। ঘরের আসবাব এলোমেলো। তাঁরা ঘরে ডাকাতি হয়েছে বলে জানালে খবর পেয়ে শাহপরান থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের উপস্থিতিতে স্বামী-স্ত্রী দুজনকে উদ্ধার করে ফেয়ার টাওয়ারের পঞ্চম তলায় বেসরকারি হাসপাতালে তাহমিনা হক এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রিয়াজুল হককে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা যুবক বয়সের এবং সংখ্যায় তিন-চারজন হবে বলে পুলিশকে জানানো হয়। নগদ টাকা, পাঁচটি দামি মুঠোফোন সেট ও স্বর্ণালংকারসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়েছে বলে পুলিশকে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।এ ঘটনায় ওই পরিবারের পক্ষ থেকে গতকাল পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি জানিয়ে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল মনোয়ার প্রথম আলোকে বলেন, শিবগঞ্জ এলাকা নগরের একটি কেন্দ্রস্থল। মধ্যরাত পর্যন্ত ওই এলাকা লোকে সরগরম থাকে। এ অবস্থায় রাত নয়টায় সংঘটিত ঘটনাটি ডাকাতি না অন্য কিছু, পুলিশ তা খতিয়ে দেখছে। ওসি জানান, ফ্ল্যাটের নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা বের করার চেষ্টা করা হচ্ছে।