ফ্ল্যাট বুঝে পেতে চান আবেদনকারীরা
দ্বিগুণের বেশি টাকা দিয়েও ফ্ল্যাটের মালিকানা বুঝে পাননি ভাষানটেক পুনর্বাসন প্রকল্পে আবেদনকারীদের মধ্যে ১২০৭ জন। তাঁরা অভিযোগ করেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণে প্রকল্পের কাজ ১০ বছরেও শেষ হয়নি। ফ্ল্যাট না পেয়ে নিম্ন আয়ের এসব মানুষ মানসিকভাবে ভেঙে পড়েছেন।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের বি-টাইপ বঞ্চিত ফ্ল্যাট মালিকদের’ সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকা মহানগরীর ছিন্নমূল বস্তিবাসী ও নিম্নবিত্তদের পুনর্বাসনের জন্য ৩৯৫ বর্গফুট আয়তনের ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০০৭-২০১০ সাল পর্যন্ত আবেদনকারীরা ৩ লাখ ৯০ হাজার টাকা করে জমা দেন। ২০১০ সালে সরকার বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান এনএসপিডিএলের সঙ্গে চুক্তি বাতিল করে এবং নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। এর পাঁচ বছর পর ২০১৫ সালের জুলাই মাসে ভূমি মন্ত্রণালয় থেকে একটি চিঠির মাধ্যমে ফ্ল্যাটের জন্য টাকা পরিশোধ করা আবেদনকারীদের বলা হয়, আরও ৩ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করলে এক বছরের মধ্যে তাঁদের কাছে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু দুই বছর পার হয়ে গেলেও প্রকল্পে ফ্ল্যাট তৈরির কোনো কাজ না দেখে টাকা পরিশোধকারীরা মানসিকভাবে ভেঙে পড়েছেন।