ফ্ল্যাটে আগুন লেগে গৃহবধূর মৃত্যু
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি ফ্ল্যাটে আগুন লেগে আমেনা বেগম (৬৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
গতকাল রোববার সস্তাপুর এলাকায় এ ঘটনা ঘটে। আমেনা বেগম নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের গণিত বিভাগের সাবেক শিক্ষক আবুল কালাম আজাদের স্ত্রী।
আবুল কালাম আজাদ বলেন, তিনি ডায়াবেটিসের রোগী। অন্যান্য দিনের মতো গতকাল সকালে তিনি প্রাতর্ভ্রমণে বের হয়ে যান। তাঁর পক্ষাঘাতগ্রস্ত স্ত্রী আমেনা বেগম ঘরেই ঘুমিয়ে ছিলেন। এর মধ্যে তাঁদের দোতলার ফ্ল্যাটে আগুন লেগে তাঁর স্ত্রী মারা যান।
আবুল কালাম আজাদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তাঁদের ফ্ল্যাটে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আমেনার লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাড়ির নিচতলার ভাড়াটিয়া আমিনুল ইসলাম জানান, আগুনের বিষয়টি টের পেয়ে তাঁরা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, এটি নিছক দুর্ঘটনা।