বৃষ্টি থাকলেও গতকাল শনিবার রিহ্যাব মেলায় দর্শকদের ভিড় ছিল। ক্রেতাদের সুবিধার্থে গতকাল শেষ দিনে মেলার সময় এক ঘণ্টা বাড়িয়ে রাত ১০টা করা হয়। রাজধানীর রূপসী বাংলা হোটেলে চার দিনব্যাপী গ্রীষ্মকালীন রিহ্যাব মেলা ২০১৩ শুরু হয় গত বুধবার। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে অ্যাপার্টমেন্ট প্রতিষ্ঠানগুলো এবারের মেলায় ক্রেতা-দর্শকের সাড়া পেয়েছে বলে আয়োজনকারীরা জানিয়েছেন।
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে গ্যাস সংযোগ পুনরায় চালু হওয়ায় অনেক ক্রেতাই আবার ফ্ল্যাটের খোঁজখবর নেওয়া শুরু করেন।
তবে ফ্ল্যাটের তুলনায় প্লটের ব্যাপারে ক্রেতাদের কম আগ্রহ প্রতিদিনই লক্ষ করা গেছে। রাজউকের তদারক দলের তাগিদে অনেক কোম্পানি স্টল থেকে প্লট প্রকল্প গুটিয়ে নিলেও কয়েকটি কোম্পানি ঢাকার বাইরে অবস্থিত তাদের আবাসন প্রকল্পের প্রচারপত্রসহ অন্য কাগজপত্র নিয়ে মেলাস্থলে ছিল। এসব কোম্পানির আবাসন প্রকল্পের অনুমোদন রয়েছে বলে রাজউকের কাছে আগের মতোই দাবি করা হয়। এ নিয়ে গত শুক্রবার একাধিক কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে শুরুতে রাজউকের কর্মকর্তাদের বাগিবতণ্ডাও হয়। শীতলক্ষ্যা নদীর অপর পারে নিজেদের প্লট প্রকল্প নিয়েও বিভিন্ন যুক্তি দাঁড় করায় কোম্পানিগুলো। তাদের প্রকল্প রাজউক এলাকার বাইরে উল্লেখ করে তারা বলে, কাঞ্চন পৌরসভা, সোনারগাঁও পৌরসভার অনাপত্তিপত্র রয়েছে তাদের কাছে। তবে রাজউকের কর্মকর্তারা তাদের জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দেখাতে বলেন। পরে দুটি প্রতিষ্ঠান তাদের স্টল গুটিয়ে নেয়।
রাজউকের পরিচালক (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) গোলাম মোস্তফা রাজউকের তদারক দলের প্রধান হিসেবে ছিলেন। সহকারী নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, কিছু প্রতিষ্ঠান অনুমোদনহীন প্রকল্পের পসরা সাজালেও বৃহস্পতিবার কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করে দেওয়া হয়। তাদের মধ্যে গতকাল অনেকেই অনুমোদনহীন প্রকল্পের পুস্তিকা বা প্রচারপত্র বিলি করেনি। দু-একটি স্টল তাদের সরঞ্জামাদি সরিয়েও নেয়। তিনি বলেন, বিগত মেলাগুলোর তুলনায় এবার বিভিন্ন কোম্পানির অনুমোদনহীন প্রকল্প কম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, রিহ্যাবের পক্ষ থেকেও রাজউককে সাহায্য করা হয়েছে। এতে মেলায় তদারকের কাজে সুবিধা হয়।
জানা যায়, মেলায় অংশগ্রহণকারী দুটি প্রতিষ্ঠান রিহ্যাব মেলার আচরণবিধি ভঙ্গ করে স্টলে অননুমোদিত প্রকল্প প্রদর্শন করায় রিহ্যাব কর্তৃপক্ষ ওই স্টল দুটি বন্ধ করে দেয়।
আগামীকাল সোমবার সন্ধ্যা সাতটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এবারের মেলার সমাপনী অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি থাকবেন রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা।