ফ্ল্যাটের তালা ভেঙে হাত-পায়ে শেকল বাঁধা লাশ উদ্ধার
রাজধানীর শেওড়াপাড়া এলাকার একটি ফ্ল্যাটের তালা ভেঙে হাত-পায়ে শেকল বাঁধা ও মুখে স্কচ টেপ লাগানো অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে শেরেবাংলা নগর থানার পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পুলিশের ধারণা, পূর্বপরিকল্পনা অনুযায়ী ওই ব্যক্তিকে এই ফ্ল্যাটে এনে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।ঘটনা তদন্তকারী শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক জানান, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ গত বৃহস্পতিবার মধ্যরাতে পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণির ১৪৯/এ নম্বর বাড়ি নর্দান নিরালয় অ্যাপার্টমেন্টের চতুর্থ তলায় যায়। এ সময় ফ্ল্যাটটি বাইরে থেকে তালা লাগানো ছিল এবং দুর্গন্ধ বের হচ্ছিল। পুলিশ ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে ঢোকে। ভেতরে ঢোকার পর মেঝেতে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশ। তাঁর মুখে স্কচ টেপ লাগানো এবং হাত-পা শেকল দিয়ে বাঁধা। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তদন্তকারী কর্মকর্তা জানান, এই ফ্ল্যাটের মালিক কলাবাগানে থাকেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে মাসুদ রানা পরিচয়ে এক ব্যক্তি বাড়ির কেয়ারটেকার আতিকুল ইসলামের কাছ থেকে ফ্ল্যাটটি ভাড়া নেন। সে সময় মাসুদ কেয়ারটেকারকে জানান, কানাডা থেকে তাঁর বোন-দুলাভাই এসে এই ফ্ল্যাটে থাকবেন। গত ১৯ ডিসেম্বর মাসুদ ফ্ল্যাটে ওঠেন। কিন্তু নিহত এই ব্যক্তিকে তিনি চেনেন না। পাঁচ দিন ধরে ওই ফ্ল্যাটটি তালাবদ্ধ ছিল। পরে দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। এ ব্যাপারে পুলিশ মামলা করেছে।তদন্তকারীরা আশঙ্কা করছেন, মাসুদ খুন করতেই ছদ্মনামে এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন। অজ্ঞাত ওই ব্যক্তিকে বাইরে থেকে এনে হত্যা করার পর সে বাইরে দরজায় তালা মেরে পালিয়ে যায়।