নিতান্ত দরিদ্র বস্তিবাসীরা মালিক হলেন ফ্ল্যাটের। আরবান নামের একটি বেসরকারি সংস্থার (এনজিও) উদ্যোগে ৪০ জন নারী এ সুযোগ পাচ্ছেন। ফ্ল্যাটের দামের অর্ধেকের কিছু বেশি কিস্তিতে শোধ করেছেন ওই নারীরা। বাকিটা তাঁদের ঋণ দেওয়া হয়েছে।গতকাল শনিবার মিরপুরের বড়বাগে ফারইস্ট হাউজিংয়ে ‘আবাসন সহায়তা প্রকল্প-১’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান এর উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন মানবাধিকার ব্যক্তিত্ব হামিদা হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মুশাররফ হোসেন। ১৯৯৯ সালে ওই ৪০ বস্তিবাসী নারী বেসরকারি প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন ফর রিয়েলাইজেশন অব বেসিক নিডসের (আরবান) সদস্য হন। এনজিওটির বয়স্ক শিক্ষা কার্যক্রম ও বৃত্তিমূলক প্রশিক্ষণে অংশ নেন তাঁরা। ক্রমে উপার্জনক্ষম হয়ে আরবানের আবাসন সহায়তা প্রকল্পের জন্য কিস্তিতে টাকা দিতে থাকেন। অবশেষে তাঁরা একটি ফ্ল্যাটের মালিক হলেন। মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, বিভিন্ন সরকারের আমলে নগর দরিদ্র ও বস্তিবাসীর জন্য আবাসন সুবিধা সৃষ্টির কিছু কিছু উদ্যোগ নেওয়া হলেও প্রশাসনের অদক্ষতা ও দুর্নীতির কারণে তা সফল হতে পারেনি। বাংলাদেশে অনেক বড় বড় এনজিও রয়েছে, যারা শুধু মুনাফা অর্জনের লক্ষ্যে কাজ করে থাকে। এ ক্ষেত্রে তিনি আরবানের আবাসন সহায়তা প্রকল্পের ভূমিকার প্রশংসা করেন। নগর বিশেষজ্ঞ নজরুল ইসলাম বলেন, আবাসনের অধিকার মানুষের একটি মৌলিক অধিকার এবং দরিদ্র মানুষকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেই এই অধিকার আদায় করতে হবে। হামিদা হোসেন বলেন, বাংলাদেশে দরিদ্র মানুষের জন্য আবাসনের কোনো ব্যবস্থা এ পর্যন্ত করা হয়নি। সরকারি কর্মচারীরা সরকারি জমি পায়, বাড়ি পায়, কিন্তু গরিব মানুষ এর কিছুই পায় না। আরবানের চেয়ার-ম্যান আবদুল মজিদ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থপতি সালমা এ শফি, আরবানের কর্মকর্তা শহিদ উল্লাহ মজুমদার, মোহাম্মদ কামাল উদ্দিন, মো. খাদেমুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে জানানো হয়, এ প্রকল্পে মিরপুর বড়বাগে ছয় কাঠা জমির ওপর একটি ছয়তলা ভবন নির্মিত হয়েছে। এতে সাড়ে ৪০০ ও সাড়ে ৫০০ বর্গফুট আয়তনের ৪০টি ফ্ল্যাট রয়েছে। সদস্য ৪০ জন বস্তিবাসী নারীকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে। ১৬ জন সদস্যের কাছে ফ্ল্যাট হস্তান্তর করা হয়েছে। এক মাসের মধ্যে বাকিরাও ফ্ল্যাট পাবেন। ফ্ল্যাটের দাম প্রায় সাত লাখ টাকা থেকে সাড়ে আট লাখ টাকা। বস্তিবাসী সদস্যরা ৫৪ শতাংশ দাম শোধ করেছেন। বাকি ৪৬ শতাংশ আরবান থেকে ঋণ হিসেবে দেওয়া হয়।অনুষ্ঠানে জানানো হয়, আরবান বনশ্রী এলাকায় আরও এক বিঘা জমি কিনেছে। সেখানে আবাসন সহায়তা প্রকল্প-২ বাস্তবায়িত হবে।