ফয়সল হত্যার বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চের আলোর মিছিল
প্রকাশক ফয়সল আরেফিন দীপনের হত্যাকারী এবং প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুল, কবি-লেখক রণদীপম বসু ও তারেক রহিমের হত্যাচেষ্টাকারীদের গ্রেপ্তার, বিচার ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার দাবিতে আলোর মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।
গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে প্রজ্বলিত মোমবাতি হাতে মিছিল করে কেন্দ্রীয় শহীদ মিনারে যান মঞ্চের কর্মী-সংগঠকেরা। পরে শহীদ মিনারে প্রজ্বলিত মোমবাতি রেখে শাহবাগে ফিরে আসেন তাঁরা।
আলোর মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, সন্ত্রাসী ও জঙ্গিদের সঙ্গে কোনো আপস নেই। এ লড়াইয়ে কারও সঙ্গে কারও বিভেদ থাকা উচিত নয়। ঐক্যবদ্ধভাবে এ অপশক্তির বিরুদ্ধে সবাইকে লড়াই চালিয়ে যেতে হবে।
মিছিল ও সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার, উদীচীর সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, প্রকাশক রবিন আহসান, ভাস্কর রাশা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি জনার্দন দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, একই দাবিতে আগামী শুক্রবার বিকেল চারটায় শাহবাগে গণসমাবেশ করবে গণজাগরণ মঞ্চ।