ফয়সল হত্যার বিচারের দাবিতে শিক্ষকদের মানববন্ধন
জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার বিচার দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় এক মানববন্ধন কর্মসূচি থেকে তাঁরা এ দাবি জানান।
‘শিক্ষক-শিক্ষার্থী, লেখক ও নাগরিকবৃন্দ’ ব্যানারে দ্বিতীয় দিনের মতো এই মানববন্ধনের আয়োজন করা হয়। এটি বেলা একটার দিকে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে কলা ভবনের মূল ফটকে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বাংলা বিভাগের অধ্যাপক আকতার কামাল বলেন, ‘মনে কতটুকু আক্ষেপ থাকলে ছেলে দীপন হত্যার বিচার চাননি স্যার (নিহতের বাবা)। স্যার না চাইলেও আমরা বিচার চাই, এই বিচার করতে হবে। যখন কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সরকারের পক্ষে, পুলিশের পক্ষে বিবৃতি দিতে দেখি, মন্ত্রীকেও কথা বলতে দেখি। কিন্তু কখনো ছেলে হত্যার বিচার না চাওয়া বাবাকে সমালোচিত হতে হয়, এটা কখনো দেখিনি। সরকারি দলের এ রকম বক্তব্য বলে দেয় যে বর্তমানে সমাজের অবস্থান কোথায়?’
ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ‘মুক্তচিন্তার মানুষকে হত্যার বিষয়টি আজকে নতুন নয়। অতীতেও হয়েছে, হুমায়ুন আজাদের হত্যাকাণ্ডের বিচার এখনো হয়নি। যেভাবে দেশ চলছে, তাতে বলা যায় এমন ঘটনা ভবিষ্যতেও ঘটবে।’ তিনি বলেন, ‘সরকারি দলের অনেক নেতা আছেন, যাঁরা “অবাঞ্ছিত” কথা বলছেন, তারা সুস্থ রুচির পরিচয় দিচ্ছেন না।’
প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, ‘অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যার ১১ বছর পেরিয়ে গেলেও এখনো বিচার হয়নি। ২০১৩ সালে দুজন ব্লগারকে হত্যা করা হয়েছে। ২০১৫ সালে আরও চারজনকে হত্যা করা হয়। এসব হত্যাকাণ্ডের ঘটনায় যারা ধরা পড়ছে তাদের কোনো শাস্তি হয় না। এমনকি পুলিশ তদন্ত প্রতিবেদনও জমা দেয় না। হত্যাকাণ্ডের পর সরকারের বিভিন্ন পর্যায় থেকে যে বিবৃতি দেওয়া হয় সেগুলো বিবেচনাহীন। আমরা ক্ষুব্ধ, হতাশ।’
মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষকদের মধ্যে অধ্যাপক মেসবাহ কামাল, অধ্যাপক রফিকুল্লাহ খান, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক মফিজুর রহমান, সামিনা লুৎফা, আসাদুজ্জামান, নাদির জুনাইদ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার প্রমুখ অংশ নেন। মানববন্ধন শেষে আজ মঙ্গলবার দুপুর ১২টায় অপরাজেয় বাংলায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা করেন গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাহমিদুল হক।
একই স্থানে আজ বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন হবে।