ফয়সালা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: বিএনপি
চলমান রাজনৈতিক সংকটের ফয়সালা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি দাবি করেন, বিএনপির সব নেতাকে গ্রেপ্তার করেও আন্দোলন দমন করা যাবে না। জনতার তীব্র স্রোতের বিপরীতে ‘বাকশালী নৌকা’ ডুবে যাবে।
গতকাল বুধবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো চলে যাওয়ার পর দুই দলের মধ্যে আলোচনা বন্ধ হয়ে গেলে তা সম্মানজনক হবে না। জাতিসংঘের এই বিশেষ দূত কোনো ভিন দেশের রাষ্ট্রদূত নন, তাই জাতিসংঘের মধ্যস্থতা অসম্মানজনক নয় বলে তিনি মনে করেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্থগিত করার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ১৯৭৩-এর পর দেশে যত নির্বাচন হয়েছে, এবারই সবচেয়ে কমসংখ্যক দল ও প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। একতরফা প্রহসনের নির্বাচন করলে নির্বাচন কমিশনকে কালো তিলক মাথায় নিয়ে কাঠগড়ায় দাঁড়াতে হবে।