ফয়েজ আহ্মদ অসুস্থ সমাজকে সুস্থ করতে চেয়েছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফয়েজ আহ্মদ সব সময়ই অসুস্থ সমাজকে সুস্থ করতে চেয়েছেন। তাঁর আদর্শ ও জীবনাচরণ নিজেদের মধ্যে ধারণ করে সমাজকে সুস্থ করার অঙ্গীকার করতে হবে।গতকাল শনিবার সদ্য প্রয়াত সাংবাদিক ও সাহিত্যিক ফয়েজ আহ্মদের স্মরণসভায় বক্তারা এ কথা বলেন। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সম্মিলিত সাংস্কৃতিক জোট এ সভার আয়োজন করে।সভায় অনাড়ম্বর জীবনযাপনে বিশ্বাসী এ সাংস্কৃতিক ব্যক্তিত্বের নানা ঘটনা তুলে ধরে বলা হয়, তিনি যে আদর্শে বিশ্বাস করতেন, সব সময় জীবনাচরণেও তার প্রতিফলন ঘটত।রাজনীতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষ সভায় যোগ দিয়ে প্রয়াত ফয়েজ আহ্মদের প্রতি শ্রদ্ধা জানান। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ সভাপতিত্ব করেন।অনুষ্ঠানের শুরুতেই প্রয়াতের প্রতিকৃতিতে ফুল দেন আগত ব্যক্তিরা। পরে গণসংগীত সমন্বয় পরিষদের শিল্পীরা পরিবেশন করেন ‘মুক্তির মন্দির সোপান তলে’ গানটি। অনুষ্ঠানে ফয়েজ আহ্মদের ছড়া ও কবিতা পাঠ করা হয় এবং আলোকচিত্র প্রদর্শিত হয়।অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘ফয়েজ আহ্মদ অসুস্থ সমাজে সুস্থ মানুষ ছিলেন। তিনি শৈশব থেকে জীবনের শেষ পর্যন্ত সমাজকে সুস্থ করার চেষ্টা করে গেছেন। তাঁর পথ ধরে সবাইকে চলতে হবে।’অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘দেশের গণতান্ত্রিক আন্দোলনে ফয়েজ আহ্মদকে সব সময়ই দেখা গেছে। এই মহান মানুষ আমাদের ছেড়ে গেলেও সামনে চলার পথ দেখিয়ে গেছেন।’সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ফয়েজ আহ্মদ সংস্কৃতি ও রাজনীতির মধ্যে একটি মেলবন্ধন তৈরি করে গেছেন।দেশের সাংস্কৃতিক আন্দোলন ও মুক্তির সংগ্রামে ফয়েজ আহ্মদের অবদানের কথা বলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন বলেন, ফয়েজ আহ্মদ সচেতনভাবে সমাজতান্ত্রিক ঝান্ডা তুলে ধরেছিলেন।সভায় আরও বক্তব্য দেন শিল্পী মুস্তাফা মনোয়ার, সাংবাদিক শাহরিয়ার কবির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের অন্যতম সহসভাপতি গোলাম কুদ্দুছ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহসভাপতি কেরামত মাওলা, নাট্যকার-শিল্পী মামুনুর রশীদ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জাতীয় কবিতা পরিষদের সহসভাপতি মো. সামাদ, পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কামরুল হাসান, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আহ্কাম উল্লাহ, ফয়েজ আহ্মদের একসময়ের সহকর্মী প্রবাসী খলিল কাজী, শিল্পী ফারহানা মিঠু প্রমুখ।