ফয়েজ আহ্মদের কর্নিয়ায় দৃষ্টি ফিরল দুই যুবকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত সাংবাদিক, সাহিত্যিক ফয়েজ আহ্মদের কর্নিয়া দৃষ্টি ফিরিয়ে দিয়েছে দুই যুবকের। তাঁরা হলেন সফটওয়ার প্রকৌশলী তাজহারুল ইসলাম (২৯) ও চিকিৎসক মো. সাইফুল ইসলাম (২৫)। গত সোম ও বুধবার সন্ধানী চক্ষু হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁদের চোখে ফয়েজ আহ্মদের দান করা কর্নিয়া প্রতিস্থাপন করা হয়।সাইফুল ইসলামের চোখে একটি কর্নিয়া প্রতিস্থাপন করা হয় গত বুধবার দুপুরে। তখন হাসপাতালে গিয়ে ওই অস্ত্রোপচার টেলিভিশনের পর্দায় সরাসরি দেখা যায়। অস্ত্রোপচার করেন সৈয়দ এ হাসান। এর আগে সোমবার তিনি ফয়েজ আহ্মদের অপর কর্নিয়া প্রতিস্থাপন করেন তাজহারুল ইসলামের চোখে।ওই হাসপাতালের সমন্বয়কারী মো. সাইফুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, সোমবার খবর পেয়ে তিনি সহকর্মীদের নিয়ে ফয়েজ আহ্মদের বাসায় গিয়ে সকালে তাঁর দুই চোখ থেকে কর্নিয়া সংগ্রহ করেন। সোমবার দুপুরে তাজহারুলের বাঁ চোখে কর্নিয়া প্রতিস্থাপন করা হয়। ফয়েজ আহ্মদ বছর দশেক আগে সন্ধানী আন্তর্জাতিক চক্ষু ব্যাংকে মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করেছিলেন।তাজহারুল বললেন, গত বছর ডান চোখে কর্নিয়া প্রতিস্থাপন করা হয়। সোমবার বাঁ চোখে প্রতিস্থাপন হলো ফয়েজ আহ্মদের কর্নিয়া। তিনি বলেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। প্রথমত, দৃষ্টি ফিরে পাওয়ার আনন্দ। দ্বিতীয়ত, অতি বড় মাপের মানুষের কর্নিয়া আমার চোখে।’ তিনি জানান, তিনি মরণোত্তর চক্ষুদানে সচেতনতা বাড়াতে কাজ করবেন। কর্নিয়া পাওয়া অপরজন তাঁর সম্পর্কে কোনো তথ্য জানাতে চাননি।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কার কর্নিয়া সংগ্রহ করা হচ্ছে বা কার কর্নিয়া দেওয়া হচ্ছে, তা কাউকে জানানো হয় না। ফয়েজ আহ্মদের কর্নিয়ার বেলায় কেন জানালেন—এই প্রশ্নের জবাবে সাইফুল ইসলাম চৌধুরী বলেন, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য তাঁর বিষয়টি তাঁরা গণমাধ্যমকে জানিয়েছেন।