সিলেটে এক বাড়িমালিকের পাশবিক নির্যাতনে নিহত যুবক মির্জা মোহাম্মদ ফয়েজকে ওই বাড়িতে ডেকে নেওয়া হয়েছিল। হত্যাকাণ্ডের দিন বুধবার সকালে তাঁর মুঠোফোনে একাধিক কল আসে। এর পরপরই তিনি তাঁর মোটরসাইকেল নিয়ে আল আফরোজ টাওয়ারে যান।পুলিশ গতকাল বৃহস্পতিবার প্রাথমিক তদন্তে বিষয়টি নিশ্চিত হয়েছে। এর আগে নিহতের পরিবারের পক্ষ থেকে পুলিশকে এ বিষয়ে জানানো হয়।এদিকে গ্রেপ্তার হওয়া বাড়িমালিক আফরোজ মিয়া পুলিশের কাছে ফয়েজকে মারধরের কথা স্বীকার করেছেন। একই সঙ্গে ফয়েজ চুরি করতে যান—এ দাবিতেও তিনি অনড় থাকেন। গতকাল দুপুরে আফরোজ ছাড়াও গ্রেপ্তার হওয়া অপর তিনজন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী জুবেল আহমদ (২০), জয়নুল করিম (২০) ও সিলেট মদনমোহন কলেজের শিক্ষার্থী রায়হান আহমদকে (২২) আদালতে হাজির করার পর কারাগারে পাঠানো হয়েছে।সিলেট নগরের পশ্চিম পাঠানটুলার নিকুঞ্জ-৩ আবাসিক এলাকার ওই বাড়ি থেকে বুধবার দুপুর সাড়ে ১১টায় নির্যাতিত অবস্থায় ফয়েজকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পরপরই তিনি মারা যান। ফয়েজ নগরের আম্বরখানার চন্দনটুলার বাসিন্দা ছিলেন।সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে তাঁর মরদেহ পরিবারের জিম্মায় দেওয়া হয়। আসর নামাজের পর জানাজা শেষে নগরের মানিকপীর কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।ফয়েজের মা ও ভাই জানান, ঘটনার দিন সকাল সাতটা নাগাদ ফয়েজের মুঠোফোনে একাধিক কল আসে। ১০-১৫ মিনিটের মাথায় ফয়েজ ‘এত কল করছিস কেন—আসছি...’ বলে বাসা থেকে বের হয়ে যান।ফয়েজের মা প্রথম আলোকে বলেন, ‘ফোন কইরা নিয়া আমার পুয়ারে (ছেলে) দোষী বানাইতে চাইছিল। মার কোল থাকি নিয়া পুয়াটারে মারি ফালাইল।’ ভাই মির্জা আলী আহমদ ঘটনার দিনই অভিযোগ করেন, তাঁর ভাইকে চোর অপবাদের আড়ালে অন্য কারণে মারধর করা হয়। গতকাল তিনি বলেন, ‘ফোন করে ফয়েজকে ওই বাড়িতে নেওয়া হয়। কারা, কেন নিয়েছিল—পুলিশ এ ব্যাপারে খোঁজ করলেই তা বেরিয়ে আসবে।’পুলিশ সূত্র জানায়, প্রাথমিক তদন্তে ডেকে নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আফরোজের পারিবারিক কোনো ঘটনায় কিংবা গ্রেপ্তার হওয়া তিন ছাত্রের সঙ্গে ফয়েজের কোনো সংশ্লিষ্টতা ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। সূত্র আরও জানায়, ফয়েজের ব্যবহূত মোটরসাইকেলটি বাড়ির পার্কিংস্থলেই রাখা ছিল। এটিও হত্যার একটি আলামত।