ফয়’স লেক পার্ক রক্ষার দাবিতে চট্টগ্রাম চেম্বার সভাপতির ফ্যাক্সবার্তা
ফয়’স লেকের কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক নিয়ে রাজনীতি ও দর্শনার্থীদের প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। দলের নাম ব্যবহার করে কনকর্ডে চাঁদাবাজি ও অবৈধ প্রভাব বিস্তার বন্ধেরও দাবি জানিয়েছেন চেম্বারের সভাপতি সাংসদ এম এ লতিফ। এম এ লতিফ গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ফ্যাক্সবার্তা পাঠান। এতে বলা হয়, চট্টগ্রামে কতিপয় গডফাদারের চোখ পড়েছে ফয়’স লেক পার্কের ওপর। পার্কের ফটকে তালা মেরে ব্যবসা ও দর্শনার্থীদের বাধা দেওয়া হচ্ছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের নাম ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিত বিজ্ঞাপন প্রকাশ করে ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর এ ধরনের নগ্ন হস্তক্ষেপ বর্তমান গণতান্ত্রিক সরকারের ব্যবসা ও শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টিতে বিঘ্ন ঘটানোর হীন উদ্দেশ্যেই করা হয়েছে। প্রসঙ্গত, ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কের বিরুদ্ধে অভিযোগ এনে সম্প্রতি আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন সভা-সমাবেশ করে। এ সময় তারা পার্কের ফটকে তালাও লাগিয়ে দেয়। পরে চট্টগ্রাম সিটি করপোরেশন ফয়’স লেক পার্কের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করে।