বঁটির ওপর পড়ে শিশুর করুণ মৃত্যু
বঁটিতে কেটে সামীর নামে আট বছরের এক শিশুর করুণ মৃত্যু ঘটেছে। গতকাল বুধবার সকালে কদমতলী থানার মোহাম্মদবাগে এ ঘটনা ঘটে। শিশুটি মোহাম্মদবাগ প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ত।
পারিবারিক সূত্র জানায়, শিশু সামীর তার মা-বাবার সঙ্গে পশ্চিম মোহাম্মদবাগে থাকত। গতকাল সকাল ১০টার দিকে বাসায় দৌড়াদৌড়ি করার সময় হঠাৎ ধারালো বঁটির ওপর পড়ে যায়। এতে তার ডান ঊরুর পেছনের ভাগে গভীর ক্ষত হয়। রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বেলা দুইটার দিকে তার মৃত্যু হয়। চার ভাই ও তিন বোনের মধ্যে সামীর সবার ছোট।
কর্তব্যরত চিকিৎসক জানান, সামীরের রক্তনালি কেটে যাওয়ায় হাসপাতালে আনার আগে তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। এতে শিশুটির মৃত্যু ঘটে। তার বাবা মোহাম্মদ হোসেন পেশায় রিকশাচালক।
হাসপাতালে শিশুটির বাবা মোহাম্মদ হোসেন বিলাপ করে বলেন, সকালে তাঁর আরেক ছেলে রিপন মেঝেতে বসে বঁটি দিয়ে কিছু একটি কাটছিল। এ সময় দৌড়াতে দৌড়াতে এসে সামীর বঁটির ওপর পড়ে যায়।