বঁটির কোপে প্রকৌশলী খুন, স্ত্রী কারাগারে
রাজধানীর খিলগাঁওয়ে প্রকৌশলী আবদুর রহমানকে হত্যার অভিযোগে তাঁর গ্রেপ্তার হওয়া স্ত্রী নাসরিন আক্তার শোভাকে গত শনিবার রাতে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে নাসরিন এবং তাঁর আগের পক্ষের সন্তানের বঁটির কোপে আবদুর রহমান (৩৫) আহত হন। পরের দিন সকালে তিনি বক্ষব্যাধি হাসপাতালে মারা যান।পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, ১৯৯৮ সালে প্রকৌশলী আবদুর রহমান বিধবা নাসরিন আক্তারকে বিয়ে করেন। নাসরিনের আগের পক্ষের দুই সন্তানসহ রহমান খিলগাঁওয়ের তিলপাপাড়ার ৭৪৪/১/এ ভাড়া বাসায় থাকতেন। কিছু দিন না যেতেই রহমানের সঙ্গে তাঁর স্ত্রীর দাম্পত্য ও পারিবারিক কলহ শুরু হয়। এদিকে আগের পক্ষের দুই সন্তানও রহমানের সংসারে বেড়ে ওঠে। তারা রহমানকে তোয়াক্কা করত না। শুক্রবার বিকেলে শেয়ার কিনতে এবং ঘর ভাড়ার টাকা দিতে নাসরিন ও তাঁর আগের পক্ষের ছেলে নাহিদ পারভেজ (২২) রহমানের কাছে টাকা চান। তিনি টাকা দিতে অস্বীকার করায় তাঁরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে মা ও ছেলে মিলে রহমানের গলা ও বুকে বঁটি দিয়ে কোপান। মারাত্মক আহত অবস্থায় রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে বক্ষব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শনিবার ভোররাতে তিনি মারা যান।অবশ্য মৃত্যুর পর নাসরিন দাবি করেন, চেয়ার থেকে কাচের টেবিলে পড়ে গিয়ে কাচ ভেঙে যায়। এই কাচ রহমানের গলা ও বুকে বিঁধে যায়। আর এতেই তিনি মারা যান।খিলাগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন জানান, নিহত রহমানের ভাই আবদুল মতিন বাদী হয়ে নাসরিন ও তাঁর ছেলে নাহিদ পারভেজকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। এরপর নাসরিনকে গ্রেপ্তার করা গেলেও তাঁর ছেলে নাহিদ পারভেজ পালিয়ে যান।রহমানের বোন মাহমুদা আক্তার প্রথম আলোকে জানান, রহমান ২০০০ সালে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় তড়িৎ প্রকৌশল শাখা থেকে পাস করে ঢাকায় আসেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিপণন বিভাগের প্রকৌশলী ছিলেন। নাসরিনের আগের পক্ষের সন্তান প্রদীপ ও নাহিদ পারভেজ তাঁর ভাইয়ের অবাধ্য ছিল।ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে শনিবার রাতে রহমানের লাশ নগরের আজিমপুর গোরস্থানে দাফন করা হয়।