বংশগত রোগ নির্ণয় ও চিকিৎসায় পিছিয়ে বাংলাদেশ
বংশগত রোগ নির্ণয় ও চিকিৎসায় বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। তাই বংশগত বা জেনেটিক রোগ নির্ণয়ের জন্য দেশে বিশেষ ল্যাবরেটরি স্থাপন করা উচিত।
‘মেডিকেল জেনেটিকস’ শিরোনামে আয়োজিত সেমিনার থেকে এ প্রয়োজনীয়তার কথা উঠে আসে। জাতীয় নিউরো সায়েন্স ইনস্টিটিউটে ১৩ ও ১৪ ডিসেম্বর এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি ফর মেডিকেল জেনেটিকস।
সেমিনারে মায়ের গর্ভে মাত্র ১১ সপ্তাহ বয়সের শিশুর ডিএনএ সংগ্রহ করার অভিজ্ঞতা তুলে ধরেন ভারতের স্যার গঙ্গারাম হাসপাতালের সাবেক প্রশিক্ষণার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম কাজল। তিনি জানান, গত দুই বছরে তিনি ২৫০ জন শিশুর ডিএনএ পরীক্ষা করেন। এসব শিশুর মা-বাবার প্রথম সন্তান জন্মগত রোগ থ্যালাসেমিয়া, ডাউন সিনড্রোম, এসএমএ ইত্যাদিতে আক্রান্ত। অর্থাৎ এই মা-বাবারা এসব বংশগত রোগের বাহক।
সেমিনারে আমন্ত্রিত বক্তা ছিলেন জেনেটিক মেডিসিন বিশেষজ্ঞ স্যার গঙ্গারাম হাসপাতালের অধ্যাপক আই সি ভারমা ও রত্না দুয়া পুরী। প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত। উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক এম আর খান, অধ্যাপক টি এ চৌধুরী, জেনেটিক মেডিসিন সোসাইটির সাধারণ সম্পাদক নারায়ণ সাহাসহ বিশেষজ্ঞ চিকিৎসকেরা। বিজ্ঞপ্তি।