বংশাই নদীতে পানি উন্নয়ন বোর্ডের বাঁধে ভাঙন
টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীর ভাঙনে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ হুমকির মুখে পড়েছে। বাঁধ ভেঙে পড়লে মির্জাপুরসহ পাশের বাসাইল ও সখীপুর উপজেলায় সরাসরি যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হবে। প্রায় ২০টি গ্রাম ও বিপুল পরিমাণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রমতে, এ বছর পানি বৃদ্ধির কারণে মির্জাপুরের তরফপুর থেকে ভুলুয়া পর্যন্ত দেওয়া পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ত্রিমোহন এলাকায় ভাঙন শুরু হয়। এ ভাঙনের কারণে ওই এলাকায় প্রায় ৫০০ গজ নদীগর্ভে বিলীন হতে চলছে।ত্রিমোহন গ্রামের বাসিন্দা সঞ্জিত কুমার সরকার বলেন, বাঁধের এ অংশ সম্পূর্ণ ভেঙে গেলে মির্জাপুরের পাহাড়ি অঞ্চল ছাড়াও পাশের বাসাইল ও সখীপুর উপজেলার সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে যাবে।টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ জানান, এরই মধ্যে ওই এলাকায় নদীতে বস্তা ফেলে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়েছে।