বংশাই নদীর ভাঙনে বিলীন হতে চলছে স্কুল ও বাজার
বংশাই নদীর ভয়াবহ ভাঙনের ফলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হাট ফতেপুর বাজার এবং হাট ফতেপুর উচ্চ বিদ্যালয় নদী গর্ভে বিলীন হতে চলছে। ইতিমধ্যে ওই বিদ্যালয় ও বাজারের প্রায় অর্ধেক অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এলাকাবাসী ভাঙনের স্থানে গাইড বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে। বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয়টি ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে স্কুলটিতে প্রায় আটশ শিক্ষার্থী রয়েছে। শ্রেণী কক্ষের সংকটের কারণে মাঝে মধ্যেই পাঠদান করতে সমস্যা হয়। এছাড়া বংশাই নদীর ভাঙনে ফলে বিদ্যালয়ের তিনটি ভবন একাধিকবার স্থানান্তর করা হয়েছে। কিন্তু ভাঙন না থামার কারণে বিদ্যালয়ের খেলার মাঠ ও ভবনগুলো নদীগর্ভে বিলীন হতে চলেছে। এছাড়া বর্তমানে নবনির্মিত একটি পাকা ভবন নদী গর্ভে বিলীন হওয়ার পথে।ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, ‘নদীর ভাঙনের ফলে বিদ্যালয় নিয়ে আমরা চিন্তায় আছি।’ এদিকে স্কুল সংলগ্ন হাট ফতেপুর বাজারটিরও একই অবস্থা। ভাঙনের কারণে বাজারটি আগের চেয়ে অনেক ছোট হয়ে এসেছে। ফলে ব্যবসায়ীরা তাঁদের ভবিষ্যত নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। ওই বাজারের ব্যবসায়ী মতিরঞ্জন পাল বলেন, এভাবে ভাঙন অব্যাহত থাকলে এক সময় তাঁদের ব্যবসা হয়তোবা বন্ধ হয়ে যাবে। তিনি ভাঙনের স্থানে গাইড বাঁধ নির্মাণের দাবি জানান। ফতেপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন তালুকদার বলেন, ভাঙনের স্থানে জরুরি ভিত্তিতে গাইড বাঁধ নির্মাণ করা দরকার। এছাড়া স্কুল ও বাজার কোনটিই রক্ষা যাবে না। মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানারা বেগম বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।