বংশাই নদের অপরিকল্পিত কালভার্টটি ভাঙা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরের বলিয়াদীতে বংশাই নদের ওপর অপরিকল্পিতভাবে নির্মিত একটি কালভার্ট কোনো কাজে না আসায় অবশেষে তা ভেঙে ফেলা হচ্ছে। এতে সরকারের নয় লাখ টাকা কেবল জলেই গেল।কালিয়াকৈরের বাসিন্দা ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) স্থানীয় কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার লতিফপুর থেকে বেনুপুরের দিকে বয়ে চলা বংশাই নদের ওপর দীর্ঘদিন ধরে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিল এলাকাবাসী। এ দাবির পরিপ্রেক্ষিতে বিএডিসি কালিয়াকৈর ইউনিটের কর্মকর্তারা ৪০ থেকে ৪৫ ফুট প্রশস্ত ওই নদের ওপর ছোট কালভার্ট করার সুপারিশ করে প্রতিবেদন পাঠান। প্রতিবেদন অনুযায়ী মাত্র ১৫ ফুটের একটি কালভার্ট করার পরিকল্পনা নেওয়া হয়। তড়িঘড়ি করে কাজের দরপত্রও দেওয়া হয়। মেসার্স নাফিজ অ্যান্ড কোং নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নয় লাখ ১৩ হাজার ২৯২ টাকায় এই কাজ পায়। গত বছরের ৪ মে থেকে শুরু করে কোনো রকম কাজ শেষেই ২৮ জুন এটি বুঝিয়ে দেওয়া হয়। এত অপ্রশস্ত কালভার্ট করে এর দুই পাশে মাটি না ফেলায় তা কোনো কাজেই আসেনি। আবার, দুই পাশে মাটি ভরাট করে রাস্তা বানালে নদটি সংকুচিত হয়ে এর গতিপথই পাল্টে যেতে পারে। এদিকে এলাকাবাসীর আরও অভিযোগ, বিএডিসির আওতায় নদটির পুনর্খননের জন্য ২৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও এ কাজের কোনো চিহ্ন পাওয়া যায়নি। নদের কয়েকটি স্থানে ময়লা-আবর্জনা পরিষ্কার করেই ২৪ লাখ টাকা তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান নাসির হোসেন অ্যান্ড কোং।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কালভার্ট তৈরি নিয়ে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি বিষয়টিতে বিএডিসির কিছু কর্মকর্তার দুর্নীতির প্রমাণ পায়। গত বছরের ২১ নভেম্বর উপজেলা সমন্বয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী বিএডিসির উপসহকারী প্রকৌশলি আ. মান্নানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এ ছাড়া, প্রয়োজনমতো সেতু নির্মাণের দাবি জানিয়ে নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন করা হয়েছে।বিএডিসির কালিয়াকৈর শাখার উপসহকারী প্রকৌশলী আ. মান্নান প্রথম আলোকে বলেন, ‘কালভার্টটি নির্মাণে আমাদের কিছু ভুল ছিল। তাই ওটি ভেঙে ১৫ ফুট কালভার্টের সঙ্গে আরও একটি ২০ ফুটের কালভার্ট নির্মাণ করা হবে।’ নদের খননের ব্যাপারে তিনি বলেন, কাজ এখনো পুরোপুরি হয়নি, আরও বাকি আছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল কবীর মুরাদ প্রথম আলোকে বলেন, বংশাইয়ের ওপর একাধিকবার বিএডিসির কর্মকর্তাদের একটি সেতু নির্মাণের কথা বললেও তাঁরা কোনো কর্ণপাত করছেন না।