বংশাল থেকে তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বংশালের আরমেনিয়ান স্ট্রিটের একটি বাড়ি থেকে এক অজ্ঞাতনামা তরুণীর (২৩) জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ ওই বাড়ির দারোয়ান মোতালিব শিকদারকে গ্রেপ্তার করেছে। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন আহমেদ জানান, বাড়িটির মালিক সংগীতশিল্পী লাকী আখান্দ্। তিনি এ বাড়ির দোতলায় থাকেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ বাড়ির পঞ্চমতলার একটি ফ্ল্যাটের তালা ভেঙে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। ঈদের কয়েক দিন আগে ওই তরুণী ও এক যুবক এ বাসাটি ভাড়া নিয়েছিলেন। জবাই করা লাশটি হাত-পা বাঁধা অবস্থায় বাথরুমে রাখা ছিল। ধারণা করা হচ্ছে, সপ্তাহ খানেক আগে তরুণী খুন হন। ওসি জানান, ঈদের পরদিন থেকেই ওই বাসা থেকে দুর্গন্ধ আসতে থাকে। বাসাটি তালাবদ্ধ থাকায় কেউ কিছু বুঝতে পারেননি। পরে দুর্গন্ধ উ ৎ কট হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। শিল্পী লাকী আখান্দ্ প্রথম আলোকে বলেন, ঈদের সাত-আট দিন আগে বাড়ির দারোয়ান মোতালিব শিকদার এক যুবককে তাঁর কাছে নিয়ে যান। ওই যুবক নিজেকে ইসলামিয়া মার্কেটের কাপড় ব্যবসায়ী বলে পরিচয় দেন। তিনি পঞ্চমতলায় স্ত্রী নিয়ে থাকবেন বলে জানান। ঈদের তিন-চার দিন আগে ওই যুবক তাঁর স্ত্রী বলে পরিচয় দেওয়া এক তরুণীকে নিয়ে বাসায় ওঠেন। লাকী ধারণা করছিলেন, ঈদ করতে তাঁরা গ্রামের বাড়ি চলে গেছেন। এদের নাম-পরিচয় তিনি জানেন না। লাকী আখান্দ্ বলেন, মোতালিব প্রায় ছয়-সাত বছর ধরে এ বাড়িতে তত্ত্বাবধায়কের কাজ করছেন। বাসা ভাড়া দেওয়া, ভাড়া তোলাসহ বাড়ির সব কাজই মোতালিব করেন। বংশাল থানার পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছে।