বংশালে গ্রেপ্তারের ভয়ে লাফিয়ে পড়ে একজনের মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বংশালে গত বৃহস্পতিবার মধ্যরাতে সাবের হোসেন (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তাঁর পরিবারের অভিযোগ, পুলিশের হাতে গ্রেপ্তারের ভয়ে তিনি তিনতলা থেকে লাফিয়ে পড়লে তাঁর মৃত্যু হয়। পুলিশ বলেছে, এ ব্যাপারে ওই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।সাবের হোসেন ৬০/১ বংশাল রোডের বাসিন্দা এবং স্থানীয় সাতটি মসজিদের হিসাবরক্ষক ছিলেন। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত দুইটার দিকে সাবেরকে তাঁর বাড়িসংলগ্ন বংশাল পঞ্চায়েত কবরস্থানে মাথার পেছনে জখম, দুই পা ভাঙা ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে রাতেই স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।মৃত সাবেরের ভাতিজা আবদুর রহমান জানান, বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল তায়েবীরের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তাঁর চাচাকে গ্রেপ্তার করতে তাঁর বাড়িতে যায়। এই চাচাসহ তাঁদের পরিবারের সাতজনের বিরুদ্ধে বাংলাদেশ মোটরসাইকেল পার্টস ব্যবসায়ী সমিতির সভাপতিকে মারধরের অভিযোগে বুধবার একটি মামলা করা হয়েছিল। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করতে গিয়েছিল পুলিশ। তবে পুলিশ তাঁকে বাড়িতে পায়নি। পরে রাত দুইটার দিকে পাশের কবরস্থানে তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আবদুর রহমান ও তাঁদের পরিবারের অন্য সদস্যরা জানান, বাড়িতে পুলিশ আসার খবর পেয়ে গ্রেপ্তারের ভয়ে সাবের হোসেন তৃতীয় তলার সিঁড়ির জানালা দিয়ে নিচে কবরস্থানে লাফিয়ে পড়েন। এতে তিনি মাথায় ও দুই পায়ে আঘাত পান এবং মারা যান।পরিবারের সদস্যরা জানান, ওই মামলায় সাবেরের ভাই দেলোয়ার হোসেন ও ভাতিজা মনোয়ার হোসেনকে পুলিশ বুধবারই গ্রেপ্তার করে। বৃহস্পতিবার আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এ ব্যাপারে বংশাল থানার এসআই আবদুল্লাহ আল তায়েবীর প্রথম আলোকে বলেন, তাঁরা বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে গেলে ১০-১৫ মিনিট পর প্রধান ফটক খোলা হয়। পরে দোতলায় সাবের হোসেনের বাসায় গেলে তাঁকে জানানো হয়, তিনি বাইরে আছেন। এরপর তাঁরা ওই বাড়ি থেকে চলে আসেন। গতকাল শুক্রবার দুপুরে তিনি সাবেরের মৃত্যুর খবর পান। গ্রেপ্তারের ভয়ে সাবের লাফিয়ে পড়েছেন—পরিবারের এই অভিযোগের বিষয়ে তায়েবীর বলেন, ‘প্রধান ফটক খুলতে ১০-১৫ মিনিট লেগেছে, এই সময়ের মধ্যেই হয়তো তিনি পালাতে গিয়ে নিচে পড়ে গেছেন।’বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, বৃহস্পতিবার রাতে উপপরিদর্শক তায়েবীরের ওই বাড়িতে আসামি গ্রেপ্তারের জন্য যাওয়ার বিষয়টি তাঁর জানা ছিল না। ঘটনাটি খুবই দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে তাঁদের কাছে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তায়েবীরের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।সাবেরের মৃত্যুর খবর পেয়ে গতকাল দুপুরে পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার সালাহউদ্দিন দেওয়ান, বংশাল থানার ওসিসহ পুলিশের কর্মকর্তারা সাবেরের বাড়িতে যান। সাবেরের এক ভাই জানান, তাঁর ভাই স্থানীয় সাতটি মসজিদের হিসাবরক্ষক ছিলেন। ওই সব মসজিদ কমিটির লোকজনের কথায় ময়নাতদন্ত ছাড়াই তাঁর ভাইয়ের লাশ জানাজা শেষে বাদ জুমা বংশাল পঞ্চায়েত কবরস্থানে দাফন করা হয়।