বংশালে জুতা কারখানার অগ্নিকাণ্ডে দগ্ধ একজনের মৃত্যু
রাজধানীর বংশালের আলুবাজার এলাকায় জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ একজন মারা গেছেন। নিহত ব্যক্তির নাম আল আমিন (২০)। তিনি ওই জুতা কারখানার শ্রমিক ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল দগ্ধ শ্রমিকের মৃত্যুর খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেন।
গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আড়াইটার দিকে দগ্ধ তিন ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার বিকেলে আল আমিন মারা যান। তাঁর শরীরের ১০০ ভাগ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুজন হলেন ওসমান (২৫) ও আবদুস সামাদ (২৭)। তাঁরা এখনো চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে আসা ওই কারখানার আরেক শ্রমিক নজরুল ইসলাম জানান, হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে তা নিয়ন্ত্রণে এসেছে।