বংশালে জুতার কারখানায় আগুন, তিনজন দগ্ধ

রাজধানীর বংশালে গতকাল রোববার ভোররাতে একটি জুতা তৈরির কারখানায় আগুন লেগে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধ শ্রমিকেরা হলেন আলাউদ্দিন (২০), সুজন মিয়া (২০) ও রবিন হোসেন (১৯)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। পুরান ঢাকার সিদ্দিকবাজার, মতি সরদার রোডে ম্যাক্সিমাস জুতার কারখানায় আগুন লেগে এ ঘটনা ঘটে।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থশঙ্কর পাল জানান, আলাউদ্দিনের ৪০ শতাংশ, রবিনের ১৭ শতাংশ এবং সুজনের দুই পা ও হাতের কিছু অংশ পুড়েছে। তাঁদের চিকিৎসা চলছে। আলাউদ্দিন ও রবিনের শ্বাসনালী পুড়ে তাঁদের জীবন সংশয় তৈরি হয়েছে বলে চিকিৎসকেরা জানান।
গতকাল ভোরে ওই তিনজনকে হাসপাতালে নিয়ে আসেন তাঁদের সহকর্মীরা। তাঁদের সহকর্মী জিয়াউর রহমান বলেন, রাত তিনটার দিকে ১০-১২ জন শ্রমিক ওই কারখানায় কাজ করছিলেন। দগ্ধ তিনজনসহ কয়েকজন ঘুমাচ্ছিলেন। এ সময়ই তাপ দিয়ে জুতোর ওপরের অংশ তৈরির একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত হলে অন্য শ্রমিকেরা দৌড় দিয়ে বের হতে পারলেও ঘুমন্ত ব্যক্তিরা পারেননি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, গতকাল রাত সাড়ে তিনটার দিকে পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ওই কারখানায় আগুন লাগে। এতে তিনজন দগ্ধ হন। তবে ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়।