বংশালে জুতার কারখানায় আগুন, দুজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বংশালের একটি জুতা তৈরির কারখানায় গতকাল মঙ্গলবার দুপুরে আগুন লাগে। এতে কারখানার দুই শ্রমিক দগ্ধ ও একজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বেলা আড়াইটার দিকে সাত রওজা এলাকার ‘ফয়সাল-শিবা স্যু ফ্যাক্টরি’তে আগুন লাগে। এ সময় কারখানার ভেতরে থাকা শ্রমিক কামাল হোসেন (২৪) ও মো. তারেক (২৫) দগ্ধ হন। আতঙ্কিত হয়ে কারখানা থেকে লাফ দিয়ে নিচে পড়ে আহত হন মো. হানিফ (৩৭)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কামাল ও তারেককে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসক বলেছেন, কামালের অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। তারেকের দুই হাত ও পা আগুনে ঝলসে গেছে। হানিফের অবস্থা গুরুতর নয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা আতাউর রহমান বলেন, চারতলা ভবনের তৃতীয় তলায় ছিল ওই কারখানা। এক হাজার বর্গফুট আয়তনের কারখানাটিতে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগেছিল।