বংশালে ব্যবসায়ীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বংশালে গতকাল সোমবার বিকেলে মুখলেসুর রহমান (৬০) নামের এক ব্যবসায়ীর মৃত্যুকে কেন্দ্র করে বংশাল এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। মুখলেসুরের স্বজনদের অভিযোগ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আউয়াল হোসেন ও তাঁর সহযোগীরা তাঁকে হত্যা করেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আউয়াল। আউয়ালের ভাষ্য, স্ট্রোক করে মুখলেসুর রহমানের মৃত্যু হয়েছে।
মুখলেসুর রহমান রাসায়নিক দ্রব্যের ব্যবসায়ী।
পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, ছোট ভাই ফারুক আহমেদ ও পরিবারের অন্যান্য সদস্যসহ বংশালের ৭১ আবুল হাসনাত রোডে থাকতেন মুখলেসুর রহমান। গতকাল বিকেলে বাড়ির পাশের সুয়ারেজ লাইন ঠিক করাকে কেন্দ্র করে প্রতিবেশী জাহাঙ্গীর ও ফারুকের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। খবর পেয়ে কাউন্সিলর আউয়াল এবং তাঁর সহযোগীরা আগ্নেয়াস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মুখলেসুরের বাড়িতে আসেন। এ সময় তাঁরা মুখলেসুরের বাড়িতে ঢুকে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করেন। মারধর শেষে মুখলেসুরের ভাতিজা কাজলকে তুলে নিয়ে যেতে চাইলে মুখলেসুর বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আউয়ালের লোকজন মুখলেসুরকে ধাক্কা দেন। মুখলেসুর সড়কে পড়ে যান। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে মুখলেসুরকে হাসপাতালে আনা হয়েছিল। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁর লাশ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়। পরে রাত সাড়ে আটটার দিকে অন্তত ১০০ জন বিক্ষোভ মিছিল করে লাশ নিয়ে আবার হাসপাতালে আসেন। এলাকাতেও তাঁরা আউয়ালের বিচার দাবি করে মিছিল করেছেন বলে স্থানীয় কয়েকজন জানিয়েছেন। পুনরায় লাশ হাসপাতালে আনার কারণ জানতে চাইলে মুখলেসুরের ছেলে তারেকুর রহমান বলেন, ‘আমরা মৃত্যুর কারণ সম্পর্কে জানতে ময়নাতদন্ত করতে লাশ হাসপাতালে এনেছি।’
যোগাযোগ করা হলে কাউন্সিলর আউয়াল প্রথম আলোকে বলেন, মুখলেসুরের ছোট ভাই ফারুক তাঁর সঙ্গে সর্বশেষ ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। সেই হারের প্রতিশোধ নিতেই পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। ঘটনাস্থলে ছিলেন না দাবি করে আউয়াল বলেন, ফারুক ও জাহাঙ্গীরের ঝগড়া দেখে স্ট্রোক করে মুখলেসুর মারা যান।
জানতে চাইলে বংশাল থানার পরিদর্শক আবদুল আলীম প্রথম আলোকে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।