বংশালে রাসায়নিক দ্রব্যের গুদামে আগুন, আহত ২
রাজধানীর বংশালে গতকাল শুক্রবার রাতে একটি রাসায়নিক দ্রব্যের গুদামে আগুন লেগেছে। এতে ফায়ার সার্ভিসের একজন কর্মীসহ দুজন অগ্নিদগ্ধ হয়েছেন। তা ৎ ক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ঘটনার পর এলাকাবাসী রাসায়নিক গুদাম সরিয়ে নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে। বংশাল থানার পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে আটটার দিকে গোবিন্দ দাস লেনের দোতলা বাড়ির নিচতলায় ‘সেভেন স্টার কেমিক্যাল ওয়ার্কস’-এর গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। এতে বিভিন্ন বাসার বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্কে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট, পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিসের লোকজন প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। এ সময় আহত হন ফায়ার সার্ভিসের কর্মী জিয়াউল হক ও স্থানীয় হারুন নামের একজন। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ মাহবুব প্রথম আলোকে বলেন, আগুনের প্রকৃত কারণ জানা যায়নি। তবে ওই গুদামে কাপড়ে ব্যবহূত কস্টিক সোডা ছিল। ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। পানি সোডার সংস্পর্শে এসে বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটাতে পারে। আবার বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেও আগুনের সূত্রপাত হতে পারে। পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে এলে তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে। গুদামের মালিক আসাদুল্লাহর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।