বংশালে সন্ত্রাসী হামলায় পাঁচজন গুলিবিদ্ধ
রাজধানীর বংশাল থানার নর্থ সাউথ রোডে গতকাল শনিবার রাতে সন্ত্রাসীদের গুলিতে পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন লাল মিয়া সর্দার, বাচ্চু মিয়া, আক্তার হোসেন, নিজাম ও রুবেল।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আহত পাঁচজন নর্থ সাউথ রোডে একটি লোহার দোকানের কর্মচারী। রাত সাড়ে আটটার দিকে তাঁরা বাসায় ফেরার জন্য দোকান বন্ধ করছিলেন। এ সময় অস্ত্রধারী সাত-আটজন যুবক পায়ে হেঁটে ওই দোকানের সামনে এসে তাঁদের উদ্দেশ্য করে গালিগালাজ শুরু করে। একপর্যায়ে যুবকেরা এলোপাতাড়ি গুলি চালিয়ে চলে যায়। গুলিতে লাল মিয়া, বাচ্চু, আক্তার, নিজাম ও রুবেল গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। বংশাল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ঘটনার কারণ জানা যায়নি।