বংশালের গৃহবধূ খুনের বিচারের দাবি
বংশালে গৃহবধূ জান্নাতুল ফেরদৌসের (ঊর্মি) খুনিদের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছেন নিহত গৃহবধূর পরিবার ও এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের বঙ্গবন্ধু সড়কের নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।
নিহত ঊর্মির পরিবার জানায়, পাঁচ বছর আগে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার বাসিন্দা খোকন মিয়ার মেয়ে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের মেধাবী ছাত্রী ঊর্মির পারিবারিকভাবে বিয়ে হয় ঢাকার বংশাল থানার সুরিটোলা এলাকার বাসিন্দা জুতা ব্যবসায়ী আজগর আলীর সঙ্গে। বিয়ের পর ঊর্মি লেখাপড়া করতে চাইলেও স্বামীর পরিবার থেকে বাধা দেওয়ায় লেখাপড়া বন্ধ হয়ে যায় তাঁর।
ঊর্মির নানি ও দাদি অভিযোগ করেন, বিয়ের আগে থেকেই আজগরের সঙ্গে তাঁর বড় ভাইয়ের স্ত্রীর সম্পর্ক ছিল। এ নিয়ে কথা বললে তাঁকে মারধর করতেন আজগর। এ নিয়ে দুই পরিবারের মধ্যে সালিসও হয়েছে। এর জেরেই ৫ নভেম্বর ঊর্মিকে জবাই করে হত্যা করা হয়। ঊর্মির চাচা জুয়েল আহম্মেদ জানান, খুনের ঘটনায় আজগর আলী, তাঁর বড় ভাই, ভাবি ও ভাগনের বিরুদ্ধে মামলা করা হলেও আজগরের ভাই-ভাবির নাম বাদ দেওয়া হয়। তাঁদের অভিযোগ, মোটা অঙ্কের অর্থের প্রলোভন দেখানো হচ্ছে এবং মামলা তুলে নেওয়ার জন্য তাঁদের হুমকি দেওয়া হচ্ছে।