বংশালের ব্যবসায়ীর দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার ব্যবসায়ী মুখলেসুর রহমানের (৬০) মরদেহ ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার বিকেলে দাফন করা হয়েছে। তবে এ ঘটনায় রাত সাড়ে ১২টা পর্যন্ত কোনো মামলা হয়নি। বংশাল থানার উপপরিদর্শক (এসআই) চিত্তরঞ্জন রায় বলেন, মামলা প্রক্রিয়াধীন আছে।
মুখলেসুরের ছেলে তারেক রায়হানের দাবি, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আউয়াল হোসেন ও তাঁর সমর্থকেরাই তাঁর বাবাকে হত্যা করেছেন।
এ বিষয়ে আউয়াল প্রথম আলোকে বলেন, মুখলেসুরের ভাই ফারুক আহমেদ তাঁর সঙ্গে ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এর শোধ নিতেই তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ তোলা হয়েছে।
গত সোমবার বিকেলে স্যুয়ারেজ লাইনের ঢাকনা লাগানোকে কেন্দ্র করে মুখলেসুর ও তাঁর ভাই ফারুক আহমেদের সঙ্গে প্রতিবেশী জাহাঙ্গীর হোসেনের কথা-কাটাকাটি হয়। মুখলেসুরের স্বজনদের অভিযোগ, জাহাঙ্গীর ওয়ার্ড কাউন্সিলর আউয়ালের সমর্থক। বাগ্বিতণ্ডার বিষয়টি জাহাঙ্গীর আউয়ালকে জানালে তিনি দলবল নিয়ে এসে মুখলেসুর ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করেন। এতে আহত হয়ে মুখলেসুর মারা যান।
গতকাল স্থানীয় মসজিদে জানাজা শেষে পঞ্চায়েতের কবরস্থানে মুখলেসুরের মরদেহ দাফন করা হয়। পরে আউয়ালের বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ হয় বলে জানিয়েছেন তারেক রায়হান।