ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় চারটি ড্রেজার (খননযন্ত্র) ও সাড়ে তিন হাজার মিটার পাইপ ধ্বংস করা হয়। একই সময় নবাবগঞ্জে ইছামতী নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ ও ঢাকা জেলা প্রশাসন।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ড্রেজার দিয়ে বংশী নদী থেকে অবৈধভাবে বালু তুলছিলেন। এতে নদীর তীরসহ ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ ঘটনায় এলাকাবাসী অভিযোগ দিলে ভ্রাম্যমাণ আদালত গতকাল উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপসাই, সানরা ইউনিয়নের চানখালী ও বালিয়া ইউনিয়নের বালিয়া এলাকায় অভিযান চালান। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রফিকুল ইসলাম। অভিযান চলাকালে আদালত দেপসাই এলাকার দুলাল মিয়ার এক হাজার মিটার পাইপ ও একটি ড্রেজার, চানখালী এলাকার ফরিদ হোসেনের একটি ড্রেজারসহ এক হাজার মিটার পাইপ এবং বালিয়া এলাকার জুয়েল হোসেনের দেড় হাজার মিটার পাইপসহ দুটি ড্রেজার ধ্বংস করেন।
রফিকুল ইসলাম বলেন, বংশী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গতকাল যাদের ড্রেজার ও পাইপ ধ্বংস করা হয়েছে তাদের বিরুদ্ধে ধামরাই থানায় মামলা করা হবে।
এদিকে ইছামতী নদীতে মাছের ঘেরের বাঁশের বেড়া ও পানির প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বাঁশের খুঁটিসহ ১৫টি অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা নির্বাহী হাকিম দেশাই বর্মণ। জানা গেছে, উপজেলার বান্দুরা বাজার ও সেতু এলাকায় ইছামতী নদীতে পানির প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বাঁশ উঠিয়ে ফেলা হয়। পরে ধাপারী বাজার এলাকায় ইছামতী নদীর কয়েকটি স্থানের প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। শিকারীপাড়া ইউনিয়নের হাগ্রাদি এলাকায় নদীতে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী মাছের ঘেরের বাঁশের বেড়া ভেঙে দেয় বিআইডব্লিউটিএ।
তবে অভিযানের বিষয়ে আপত্তি জানিয়ে ওই মৎস্য প্রকল্পের সভাপতি আলিমুর রহমান খান জানান, আইন মেনে মাছ চাষ করছেন তিনি। তিনি এলাকার ভূমিহীন, বেকার ও পেশাজীবী জেলেদের নিয়ে সমিতির মাধ্যমে মাছ চাষ করছেন। মাছের ঘেরের বাঁশের বেড়া ভেঙে দেওয়ায় তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন।
দেশাই বর্মণ বলেন, নদীর প্রবাহ ফিরিয়ে আনতে এ অভিযান চালানো হয়েছে। নদীতে পানির প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী মাছের ঘেরের বাঁশের বেড়া ভেঙে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক মো. শহিদ উল্লাহ, সহকারী পরিচালক এহতেসামুল হক প্রমুখ।