
খুব চেনা পরিবেশ। শত প্রাণের উদ্দীপ্ত উপস্থিতি। নতুন বইয়ের গন্ধ। জমে উঠছে উৎসব। বাংলা একাডেমির ঐতিহ্যমণ্ডিত প্রাঙ্গণ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতি বহনকারী সোহরাওয়ার্দী উদ্যান। কেন্দ্র এই দুটি হলেও টিএসসি থেকে দোয়েল চত্বর অবধি ছড়িয়ে পড়েছে তার স্পন্দন। গতকাল শনিবার ফেব্রুয়ারির প্রথম দিনে অমর একুশে গ্রন্থমেলার (২০১৪) আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একাডেমি প্রাঙ্গণে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে অশুভ শক্তির কোনো স্থান হবে না, এটি হবে দক্ষিণ এশিয়ার একটি শান্তিকামী দেশ।’ এই গ্রন্থমেলাকে বাঙালি জনগোষ্ঠীর প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, লেখক, প্রকাশক ও নতুন প্রজন্মের চিন্তা-চেতনার বিকাশে এই মেলার গুরুত্ব রয়েছে। সরকার একটি জাতীয় গ্রন্থনীতি প্রণয়নে কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে প্রকাশকদের আবাসন-সুবিধা নিশ্চিত করার জন্য প্রকাশকপল্লির এবং প্রকাশকদের সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করার কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলা একাডেমি থেকে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত বিস্তৃত গ্রন্থমেলায় যাতায়াত সহজতর করার জন্য সরকার শিগগিরই এখানে একটি আন্ডারপাস বা ওভারপাস নির্মাণের উদ্যোগ নেবে এবং ক্রমান্বয়ে এই অঞ্চলজুড়ে একটি সাংস্কৃতিক বলয় গড়ে তোলা হবে।
গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৩ দেওয়া হয়। এবার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন কবিতায় হেলাল হাফিজ, কথাসাহিত্যে পূরবী বসু, প্রবন্ধে মফিদুল হক, গবেষণায় জামিল চৌধুরী ও প্রভাংশু ত্রিপুরা, অনুবাদে কায়সার হক, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে হারুন হাবীব, স্মৃতিকথা ও ভ্রমণকাহিনিতে মাহফুজুর রহমান, বিজ্ঞান-প্রযুক্তি ও পরিবেশে শহিদুল ইসলাম, শিশুসাহিত্য্লে কাইজার চৌধুরী ও আসলাম সানী। অনুষ্ঠানে উপস্থিত পুরস্কারপ্রাপ্ত প্রত্যেক লেখকের হাতে এক লাখ টাকার চেক, ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মূকাভিনয়শিল্পী পার্থপ্রতিম মজুমদারকে সম্মানসূচক ফেলোশিপ দেওয়া হয়। এবারের গ্রন্থমেলা সদ্যপ্রয়াত ভাষাসৈনিক লেখক-গবেষক বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের স্মরণে উৎসর্গ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। বিশেষ অতিথির বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান।
অনুষ্ঠানে বাংলা একাডেমি প্রকাশিত বিবর্তনমূলক বাংলা অভিধান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন একাডেমির মহাপরিচালক।
ভিন্ন পরিসরে এবারের মেলা
দীর্ঘদিন বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলার আয়োজন হতো। মেলাকে এবার বাংলা একাডেমি প্রাঙ্গণের সঙ্গে সম্প্রসারণ করা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। যেখানে শুধু মূল প্রকাশকেরা বসেছেন নতুন বইয়ের পসরা সাজিয়ে। একাডেমি প্রাঙ্গণে রয়েছে শিশু-কিশোরদের বই আর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের গবেষণামূলক প্রকাশনা। সেখানেও যথেষ্ট ভিড় দেখা গেছে। একাডেমি চত্বরে সাজসজ্জার দিকে বিশেষ দৃষ্টি ছিল আয়োজকদের। বায়ান্নর ভাষা আন্দোলনের সচিত্র ব্যানার এবং ভাষার মর্যাদা রক্ষায় শহীদদের আত্মত্যাগের স্মৃতি স্মরণ করে কবি-সাহিত্যিকদের নানা উক্তিসংবলিত ব্যানার আর ভাষাশহীদদের প্রতিকৃতি দিয়ে সাজানো হয়েছে চত্বর।
নতুন বই
মেলার প্রথম দিনে তথ্যকেন্দ্র উন্মুক্ত না হওয়ায় একাডেমির সমন্বয় ও জনসংযোগ উপবিভাগ থেকে প্রকাশিত নতুন বইয়ের সঠিক সংখ্যা জানা যায়নি। বিভিন্ন স্টল ঘুরে জানা গেছে, নতুন শতাধিক বই প্রকাশ পেয়েছে। এর মধ্যে অন্যপ্রকাশ থেকে হুমায়ূন আহমেদের কাকারু, ব্যাঙ-কন্যা এলেং, কানী ডাইনি, বোকা রাজার সোনার সিংহাসন, হরিশংকর জলদাসের হরিকিশোরবাবু, মহাদেব সাহার বাংলাদেশ, তোমাকে প্রণাম। আগামী প্রকাশনী এনেছে তসলিমা নাসরিনের নিষিদ্ধ, শাহাদুজ্জামানের শাহবাগ ২০১৩, সময় এনেছে আহমদ রফিকের বাংলাদেশের কবিতা দশকভাঙা বিচার, আনিসুল হকের সেলাই। কথা প্রকাশ এনেছে হাসান আজিজুল হকের রবীন্দ্রনাথ ও ভাষাভাবনা, আনোয়ারা সৈয়দ হকের যোজন দূরের স্বজনেরা, সেলিনা হোসেনের মৃত্যুর নীলপদ্ম ইত্যাদি। প্রথমা প্রকাশন গতকাল বাজারে এনেছে ফারুক চৌধুরীর আত্মস্মৃতিমূলক বই জীবনের বালুকাবেলায়।
আজকের মেলা মঞ্চের আয়োজন
আজ মেলার দ্বিতীয় দিন। বিকেলে গ্রন্থমেলার মূল মঞ্চে বিকেল চারটায় অনুষ্ঠিত হবে ‘জন্মশতবার্ষিকীর আলোছায়ায় জয়নুল আবেদিন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন শিল্প-সমালোচক আবুল হাসনাত। আলোচনায় অংশ নেবেন আবুল মনসুর, সৈয়দ আজিজুল হক, সাজ্জাদ শরিফ ও ব্যারিস্টার সাদিয়া আরমান। সভাপতিত্ব করবেন শিল্পী কাইয়ুম চৌধুরী।
সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।