বই-আনন্দের বর্ণিল যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় গতকাল শুরু হওয়া বইমেলার একটি স্টলে বইপ্রেমীদের ভিড় l ছবি: প্রথম আলো
বগুড়ায় গতকাল শুরু হওয়া বইমেলার একটি স্টলে বইপ্রেমীদের ভিড় l ছবি: প্রথম আলো

টানা দুই দিনের হরতালে স্থবির ছিল জনজীবন। তবে সেই স্থবিরতার বাঁধ ভেঙে শতপ্রাণের সরব উপস্থিতিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে পাল্টে যায় বগুড়া জিলা স্কুল মাঠের চিত্র।
একুশে বইমেলার আদলে বগুড়া বইমেলার প্রথম দিনেই ছিল স্থানীয় লেখক, কবি, সাহিত্যিকদের বাঁধভাঙা উচ্ছ্বাস। সন্ধ্যা যত ঘনিয়ে আসছিল, মেলায় দর্শনার্থীর সরব উপস্থিতি তত বাড়ছিল। বইপ্রেমীরা বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের স্টলে ভিড় করেছেন, পছন্দের বই কিনেছেন।
‘চেতনায় জাগরণে বই’ স্লোগান নিয়ে ইংরেজি নববর্ষের প্রথম দিনে শুরু হওয়া ১০ দিনব্যাপী এই মেলার আয়োজক জাতীয় গ্রন্থকেন্দ্র। সার্বিক সহযোগিতা দিচ্ছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। বিকেল সাড়ে চারটায় রঙিন বেলুন ও পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনজুরুর রহমান। বগুড়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ৬৫টি প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল নিয়ে শুরু হওয়া এই মেলায় উঠেছে জনপ্রিয় লেখকদের প্রায় ১৫ হাজার বই।
উদ্বোধনী অনুষ্ঠানে মনজুরুর রহমান জানান, জাতীয় গ্রন্থকেন্দ্র একুশে বইমেলার পাশাপাশি রাজধানীর বাইরে এবার চারটি জেলা শহরে বইমেলার আয়োজন করছে। তবে বগুড়া বইমেলার আয়োজন অন্য বইমেলার চেয়ে অনেক বর্ণাঢ্য এবং বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে। মেলায় লেখকদের জন্য রাখা হয়েছে ‘লেখককুঞ্জ ও ফুড কর্নার’। মেলায় নতুন আসা বইয়ের খবরাখবর ও প্রতিদিনের আয়োজনের তথ্য সংগ্রহের জন্য রাখা হয়েছে ‘সাংবাদিক স্টল’। আগামী একুশে বইমেলায় যেসব বই প্রকাশিত হতে যাচ্ছে, তার কয়েকটি বই আগেই পাঠকেরা পাচ্ছেন বগুড়ার এই মেলায়। মেলা চলবে প্রতিদিন বেলা দুইটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত। ছুটির দিনে চলবে বেলা ১১টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত।
অনুষ্ঠানে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি বলেন, একুশে বইমেলার বাইরে সবচেয়ে বড় বইমেলা অনুষ্ঠিত হচ্ছে বগুড়ায়। এত বিশাল বইয়ের সম্ভার নিয়ে রাজধানীর বাইরের কোনো বইমেলার আয়োজন আর কখনো হয়নি।
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, হরতালের কারণে উদ্বোধনী দিনে বিক্রি কিছুটা কম হলেও শুক্রবার থেকে মেলা জমে উঠবে। সব মিলিয়ে ‘বগুড়া বইমেলা’ হবে লেখক-পাঠকদের জন্য নতুন বছরের মিলনমেলা।