বই উৎসব আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বছরের প্রথম সকালে নতুন বই পেল শিক্ষার্থীরা। জিলা স্কুলের আশপাশের কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। কুষ্টিয়া, ১ জানুয়ারি ২০১৮। ছবি: তৌহিদী হাসান
বছরের প্রথম সকালে নতুন বই পেল শিক্ষার্থীরা। জিলা স্কুলের আশপাশের কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। কুষ্টিয়া, ১ জানুয়ারি ২০১৮। ছবি: তৌহিদী হাসান

বিদায়ী শিক্ষাবর্ষে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের দাবি অনুযায়ী প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে ব্যাপক পরিবর্তন আনা হয়েছিল। সেগুলো পরিবর্তনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন হলেও শেষ পর্যন্ত সেসব বিষয়ে পরিবর্তন ছাড়াই আজ সোমবার বছরের প্রথম দিনে উৎসব করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে।

তবে নবম-দশম শ্রেণির ১২টি বই শিক্ষাবিদদের দিয়ে সহজ করা হয়েছে। কিছু বিতর্কিত ছবিও বাদ দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, হেফাজতে ইসলামের দাবি অনুযায়ী গতবারের বইয়ের যেসব পরিবর্তন আনা হয়েছিল, সেখানে কোনো পরিবর্তন আনা হয়নি।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, এবার ৪ কোটি ৩৭ লাখ ৬ হাজার ৮৯৫ জন শিক্ষার্থীর জন্য ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি বই ছাপার কাজ প্রায় শেষ হয়েছে। এনসিটিবির এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, শেষ পর্যায়ে নতুন করে কিছু অতিরিক্ত চাহিদা এসেছে। সেগুলোর জন্য বই ছাপা হচ্ছে। আর সহজ করা নবম-দশম শ্রেণির ১২টি বিষয়ের ১ কোটি ৯৪ লাখ বইয়ের মধ্যে প্রায় ১২ লাখের মতো বই এখনো ছাপা শেষ হয়নি।

কেন্দ্রীয়ভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এবং শিক্ষা মন্ত্রণালয় আজিমপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজে উৎসবের আয়োজন করেছে।

এনসিটিবির সদস্য রতন সিদ্দিকী বলেন, আজ উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে।