নতুন বছরের প্রথম দিন ‘বই উৎসব’ হওয়ার কথা থাকলেও বগুড়ার কাহালু উপজেলায় চতুর্থ শ্রেণির সব ও পঞ্চম শ্রেণির দুটি বিষয়ের বই গতকাল শনিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত পৌঁছায়নি। এতে প্রায় সাড়ে পাঁচ হাজার শিশু নতুন বই হাতে পাওয়ার আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে।
কয়েকজন প্রধান শিক্ষক বলেন, উপজেলায় ১১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের গাফিলতির কারণে নতুন বছরের প্রথম দিনে এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া যাচ্ছে না।
উপজেলার ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা বলেন, প্রতিটি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে গড়ে ৫০ জন করে শিক্ষার্থী রয়েছে। সেই হিসাবে উপজেলায় চতুর্থ শ্রেণিতে ওঠা শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫ হাজার ৭০০। এসব শিক্ষার্থীর নতুন বছরের প্রথম দিনে ছয়টি বিষয়ের পুরো সেট পাঠ্যবই বিনা মূল্যে হাতে পাওয়ার কথা। কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো বিদ্যালয়েই চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের বই সরবরাহ করা হয়নি। এ ছাড়া সন্ধ্যা পর্যন্ত পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের গণিত এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই পৌঁছায়নি। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সংখ্যা প্রায় আট হাজার।
মুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আবদুল বারী গতকাল বলেন, নতুন বছরের প্রথম দিনে বই উৎসবের আগেই উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে চাহিদানুযায়ী বিদ্যালয়ে বিদ্যালয়ে নতুন পাঠ্যবই সরবরাহ করার কথা। কিন্তু শনিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত কোনো বিদ্যালয়েই চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের নতুন বই সরবরাহ করা হয়নি। এ ছাড়া পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের গণিত এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই সরবরাহ করা হয়নি। বছরের প্রথম দিনে বই উৎসবে আসা এসব শিক্ষার্থীকে খালি হাতে ফিরতে হবে।
শেখাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল মান্নান বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের গাফিলতির কারণেই এসব শিক্ষার্থীর বই উৎসবের আনন্দ মাটি হচ্ছে। এসব শিক্ষার্থীর বই নিতে গতকাল বিকেল পর্যন্ত শিক্ষা কার্যালয়ে যোগাযোগ করা হলেও ফল হয়নি। কী কারণে চতুর্থ শ্রেণির পুরো সেট ও পঞ্চম শ্রেণির দুটি করে বই সরবরাহ করা যাচ্ছে না, সে ব্যাপারেও সদুত্তর মিলছে না।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম সরোয়ার জাহান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সব বিদ্যালয়েই নতুন বই পৌঁছানো হয়েছে। চতুর্থ ও পঞ্চম শ্রেণির পুরো সেট বই সরবরাহ করা হয়েছে। কোনো বিদ্যালয়ের প্রধান বই না পাওয়ার কথা বললে তা ভিত্তিহীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত রহমান বলেন, বিষয়টি তাঁর জানা নেই। বই না পেয়ে থাকলে দ্রুত পাঠানোর ব্যবস্থা করা হবে।