বই উৎসবের আগেই বিতরণ পাঁচ শিক্ষক আটক
টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রতিভা স্কুলে ‘পাঠ্যপুস্তক উৎসব’ দিবসের আগের দিন গতকাল সোমবার শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। এই অভিযোগে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ পাঁচ শিক্ষককে আটক করেছে পুলিশ। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, বিতরণ করা ১১০ সেট বই উদ্ধার করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক রফিকুল হক। এ ঘটনায় আটক করা শিক্ষকেরা হলেন: তোজামেঞ্চল হক, সেকান্দর আলী, আবুল কাশেম, জয়নাল আবেদীন ও আনোয়ার হোসেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী হালিমা বেগম বলেন, বই উদ্ধার করা হয়েছে এবং ওই বিদ্যালয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিভা স্কুলের প্রধান শিক্ষক তোজাম্মেল হক বলেন, ‘উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের গত রোববারের সভায় এই বিদ্যালয়ের কেউ উপস্থিত না থাকায় আগে বই বিতরণে নিষেধাজ্ঞার বিষয়টি আমাদের জানা ছিল না।’