বই কাঁধে বিপজ্জনক পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র কয়েক গজ দূরে ধেয়ে আসছে বাস। তার একটু পেছনেই পদচারী–সেতু। সেই সেতু ব্যবহার না করে চলন্ত বাসের সামনে দিয়ে সন্তানদের নিয়ে রাস্তা পার হচ্ছেন অভিভাবকেরা। গত রোববার সকালে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে ছবিটি তুলেছেন মঈনুল ইসলাম
মাত্র কয়েক গজ দূরে ধেয়ে আসছে বাস। তার একটু পেছনেই পদচারী–সেতু। সেই সেতু ব্যবহার না করে চলন্ত বাসের সামনে দিয়ে সন্তানদের নিয়ে রাস্তা পার হচ্ছেন অভিভাবকেরা। গত রোববার সকালে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে ছবিটি তুলেছেন মঈনুল ইসলাম

রংপুর নগরের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা প্রতিদিন বিপজ্জনকভাবে রাস্তা পার হচ্ছেন। ঝুঁকি নিয়ে এমন চলাচলের কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে।
পর্যাপ্ত জায়গা না থাকা, দুর্বল ট্রাফিক ব্যবস্থা, বেপরোয়া যানবাহন চলাচল, গাড়ি পার্কিং ও অভিভাবকদের জটলার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে রাস্তা পারাপারে এমন সমস্যা হচ্ছে বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদ ও প্রকৌশলীরা। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে নগরে অবৈধ অটোরিকশা বন্ধ, ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করা এবং অভিভাবকদের সচেতন হওয়ার তাগিদ দিলেন নগর পরিকল্পনাবিদেরা।
নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম বলেন, এসব পদক্ষেপের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব।
১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মহাসড়ক লাগোয়া তিনটি, আঞ্চলিক সড়কের পাশে চারটি ও অভ্যন্তরীণ সড়কের পাশে তিনটি অবস্থিত। মহাসড়ক লাগোয়া প্রতিষ্ঠানগুলো হলো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, দ্য মিলেনিয়াম স্কুল ও কলেজ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
আঞ্চলিক সড়কের পাশের প্রতিষ্ঠানগুলো হলো রংপুর জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সরকারি কারিগরি স্কুল ও কারমাইকেল কলেজ। আর অভ্যন্তরীণ সড়কের পাশে অবস্থিত পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ।
ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ এবং মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ মহাসড়কের পাশ ঘেঁষে অবস্থিত। এই দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের রাস্তা পারাপারের সুবিধার জন্য মহাসড়কের ওপর একটি পদচারী-সেতু করা হয়েছে। কিন্তু সেটি খুব একটা ব্যবহার করতে দেখা যায় না। শিক্ষার্থী ও অভিভাবকেরা ঝুঁকি নিয়ে রাস্তা পার হন। মহাসড়কে সব সময় বাস-ট্রাক চললেও সেদিকে যেন তাদের ভ্রূক্ষেপ নেই।
গত রোববার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মহাসড়কে অবস্থান করে দেখা যায়, প্রায় সবাই পদচারী-সেতু ব্যবহার না করে ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হচ্ছেন। কথা বলতে চাইলে একজন অভিভাবক ইতস্ততবোধ করে বলেন, ‘ওভারব্রিজ দিয়ে ওঠা-নামা করাই উচিত। তবে রাস্তা দেখেশুনেই পার হয়ে থাকি। কিছুটা ঝুঁকি তো থাকেই।’
এ সময় সেখানে কোনো ট্রাফিক পুলিশ দেখা যায়নি। প্রতিষ্ঠান দুটির উদ্যোগে নিয়োজিত দুজন প্রহরী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করছেন।
দুই বছর আগে রংপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে বাস ও ট্রাকের নিচে পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত বছর এই এলাকাকে দুর্ঘটনাপ্রবণ মোড় (ব্ল্যাক স্পট) হিসেবে ঘোষণা করে সড়ক পরিবহন মন্ত্রণালয়। কিন্তু এখন পর্যন্ত সেই ঘোষণা অনুযায়ী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বেপরোয়া যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গত বছর বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী দুর্ঘটনায় আহত হন। গত ২৫ নভেম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সওজ বিভাগ এ মোড়ের তিন দিকে তিনটি গতিরোধক (স্পিডব্রেকার) নির্মাণ করেছে। তারপরও ঝুঁকি কমেনি। এখানে কোনো ট্রাফিক ব্যবস্থাপনা নেই।
রংপুর জিলা স্কুলে প্রভাতি শাখার ছুটি ও দিবা শাখার শুরুর সময়ে বেলা সাড়ে ১১টার দিকে সামনের সড়কে মানুষ ও গাড়ির জট লেগে যায়। শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়ে গাড়ির গতি কমে যায়। তখন এই সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। শাহীনুর রহমান নামের এক অভিভাবক জানান, জানুয়ারিতে এখানে সাতটি দুর্ঘটনা ঘটেছে।
জিলা স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, স্কুল ছুটি ও শুরুর সময়ে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করলে এই সমস্যা কিছুটা হলেও দূর হতো। পুলিশ বিভাগের কাছে একাধিকবার আবেদন করেও সাড়া পাওয়া যায়নি।
রোববার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান করে সেখানেও একই পরিস্থিতি দেখা গেছে। বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জটলা। সেই জটলা রাস্তায় চলে এসেছে। এখানে ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। কিন্তু যানবাহন নিয়ন্ত্রণে মাঝেমধ্যে হিমশিম খেতে হয়েছে তাদের।
গুপ্তপাড়ায় অবস্থিত লায়ন্স স্কুল ও কলেজের সামনের অভ্যন্তরীণ সড়কে যত্রতত্র গাড়ি পার্ক করা হয়। এ জন্য সেখানে শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। ঝুঁকি নিয়ে রাস্তা পার হন শিক্ষার্থী ও অভিভাবকেরা। সন্তানকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন অধ্যাপক শাশ্বত ভট্টাচার্য। তিনি বলেন, ‘সন্তান হাতছাড়া হলেই বিপদ হতে পারে। ট্রাফিক ব্যবস্থা উন্নত করা হলে এই দুর্ভোগের কিছুটা অবসান হতো।’
যোগাযোগ করলে রংপুর সওজ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিয়ম অনুযায়ী মহাসড়ক, আঞ্চলিক সড়ক, চার লেন সড়ক ও অভ্যন্তরীণ সড়কে কোনো গতিরোধক নির্মাণ করা যায় না। এরপরও শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গতিরোধক নির্মাণ করা হয়েছে। তবে এই গতিরোধকও অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ।
ট্রাফিক পুলিশের পরিদর্শক শামসুল আলম বলেন, ট্রাফিক পুলিশ কম থাকায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে পুলিশ দেওয়া সম্ভব হয়ে ওঠে না। মাত্র ৪০ জন ট্রাফিক পুলিশ সদস্য রয়েছেন। এর মধ্যে অর্ধেক পুরো শহরে দায়িত্ব পালন করেন। লোকবল না বাড়ালে এত বড় শহর নিয়ন্ত্রণ করা খুবই কঠিন।