বই কিনতে বাধ্য করায় অভিভাবকদের বিক্ষোভ
নড়াইলে সাতটি মাধ্যমিক বিদ্যালয়ের কতিপয় শিক্ষক একটি পুস্তক বিক্রয়কারী প্রতিষ্ঠানের সঙ্গে কমিশনভিত্তিক চুক্তির মাধ্যমে নিম্নমানের ব্যাকরণ বই কিনতে বাধ্য করছে শিক্ষার্থীদের। এর প্রতিবাদে অভিভাবকসহ এলাকাবাসী ১০ ফেব্রুয়ারি বিকেলে মাইজপাড়া বাজারে বিক্ষোভ সমাবেশ করেছে। অভিভাবক সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নজরুল ইসলাম, মকবুল বিশ্বাস, মিজানুর রহমান, মাহাবুবুল হাসান প্রমুখ। বক্তারা বলেন, ২৩ ফেব্রুয়ারির মধ্যে নিম্নমানের বই বিক্রি বন্ধ না করা হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। তারা অভিযোগ করেন, নড়াইলের একটি পুস্তক বিক্রয়কারী প্রতিষ্ঠানের সঙ্গে কমিশনপ্রাপ্তির বিনিময়ে দুর্নীতিবাজ কতিপয় শিক্ষক শিক্ষার্থীদের নিম্নমানের বই কিনতে বাধ্য করছে। জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা সুলতানা জানান, মাত্র পাঁচ দিন আগে এনসিটিবির তালিকা পেয়েছেন এবং তা তিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। কোনো স্কুল বই নিয়ে কোনো অনিয়ম করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।